সিডনিতে দাপুটে জয় অস্ট্রেলিয়ার, লজ্জার হার ইংল্যান্ডের
শেষ দিনে মাত্র ১৬০ রানের লক্ষ্য তাড়া করে ৩১.২ ওভারেই ম্যাচ জিতে নেয় অজিরা।
Truth Of Bengal: অস্ট্রেলিয়ার জয়টা সময়ের অপেক্ষা ছিল, আর হলও তাই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে ৪-১ ব্যবধানে দাপুটে জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। শেষ দিনে মাত্র ১৬০ রানের লক্ষ্য তাড়া করে ৩১.২ ওভারেই ম্যাচ জিতে নেয় অজিরা। এই হারের সঙ্গে সঙ্গেই কার্যত ইংল্যান্ডের ‘বাজবল’ যুগের ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্নচিহ্ন উঠে এল।পঞ্চম দিনের সকালে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩০২/৮ থেকে ব্যাটিং শুরু করে। তরুণ জ্যাকব বেথেলের একার লড়াই সত্ত্বেও ইংল্যান্ড শেষ পর্যন্ত অলআউট হয়ে যায় ৩৪২ রানে। কেরিয়ারের প্রথম টেস্ট শতরান করেন বেথেল—১৫৪ রান। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় লিড গড়া সম্ভব হয়নি ইংল্যান্ডের।এরপর জয়ের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া শুরুতে কয়েকটি উইকেট হারালেও ম্যাচে কখনওই নিয়ন্ত্রণ হারায়নি।
ট্র্যাভিস হেড (২৯), জ্যাক ওয়েদারাল্ড (৩৪), মার্নাস লাবুশানে (৩৭) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ পর্যন্ত ক্যামেরন গ্রিনের অপরাজিত ২২ ও অ্যালেক্স ক্যারির ১৬ রানে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৮৪ রানে গুটিয়ে যায়। জো রুট ১৬০ রান করে নজির গড়লেও বাকিরা ব্যর্থ হন। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫৬৭ রান তোলে। ট্র্যাভিস হেডের ১৬৩ ও স্টিভ স্মিথের ১৩৮ রানের উপর ভর করেই ১৮৩ রানের বড় লিড নেয় স্বাগতিকরা।
সিরিজে প্রথম তিনটি টেস্ট জিতে আগেই অ্যাশেজ নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে চতুর্থ টেস্টে ইংল্যান্ড জয় পেলেও শেষ ম্যাচে আবার আধিপত্য দেখাল কামিন্সের দল। পাঁচ টেস্টে সর্বাধিক ৩১ উইকেট নিয়ে সিরিজ সেরা হন মিচেল স্টার্ক। আর দুই ইনিংস মিলিয়ে ১৯২ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন ট্র্যাভিস হেড।এই ভরাডুবির পর ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের ভবিষ্যৎ নিয়েও জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, অ্যাশেজে দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে অসন্তুষ্ট ইসিবি। ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে। পরিস্থিতি দ্রুত না বদলালে ম্যাকালামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বা তাঁর নিজেই পদত্যাগ করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।সিডনিতে এই জয়ের মাধ্যমে শুধু অ্যাশেজই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও নিজেদের অবস্থান আরও মজবুত করল অস্ট্রেলিয়া।






