কলকাতা

বিলবোর্ডের পর ফায়ার অডিট! অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিসে ফের পুলিশ-দমকল

বিলবোর্ড কাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যেই তিনটি পৃথক এফআইআর দায়ের হয়েছে।

Truth of Bengal: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ঘিরে ফের উত্তেজনা। গত বৃহস্পতিবার বিলবোর্ড খোলা নিয়ে পুরসভা ও পুলিশের সঙ্গে তৃণমূলকর্মীদের সংঘাতের পর সোমবার আবারও ওই বহুতলে পৌঁছয় পুলিশ ও দমকলের যৌথ দল। এবার ফায়ার অডিট এবং বিল্ডিং প্ল্যান যাচাই করতেই তারা সেখানে যায় বলে জানা গিয়েছে।

তৃণমূলের অভিযোগ, প্রশাসনের এই ধারাবাহিক পদক্ষেপের পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে। গত সপ্তাহে কোনও বৈধ লিখিত নির্দেশ দেখানো ছাড়াই অফিসের বাইরের বিলবোর্ড খুলতে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ তোলে দল। সেই ঘটনায় পুরকর্মী ও পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিও হয়।

বিলবোর্ড কাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যেই তিনটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। সরকারি কাজে বাধা, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। এর মধ্যে দু’টি এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলে জানা গিয়েছে।

এই মামলাতেই মঙ্গলবার, ১ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে অভিষেককে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে। তার আগেই এফআইআরের অনলাইন কপি নিয়ে পুলিশকে ইমেল করেছেন তিনি। অভিষেকের আইনজীবীর দাবি, কলকাতা পুলিশের ওয়েবসাইটে নথি দেখা যাচ্ছিল না। যদিও পুলিশের পাল্টা বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যেই এফআইআর আপলোড করা হয়েছে।

একই মামলায় সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও তলব করা হয়েছিল। তিনি হাজিরা না দিয়ে সাত দিনের সময় চেয়েছেন। ফলে ফায়ার অডিট থেকে থানার তলব—ক্যামাক স্ট্রিট ইস্যুতে রাজনৈতিক ও আইনি চাপানউতোর আরও তীব্র হয়েছে।

Related Articles