ভারতীয় দলে সুযোগ পেলেন শেহওয়াগ-দ্রাবিড়ের পুত্র
সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে।
Truth of Bengal: ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের আগমন। কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগের ছেলে আর্যবীর এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় জায়গা করে নিলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছেন তাঁরা। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহুদিনের ম্যাচের দলে জায়গা হয়নি দু’জনের।
আর্যবীর মূলত ব্যাটার। সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। ব্যাট হাতে তাঁর আগ্রাসী মানসিকতা এবং কভার ড্রাইভ, স্কোয়্যার ড্রাইভ দেখে অনেকেই তাঁর মধ্যে বাবা সহবাগের ছায়া খুঁজে পাচ্ছেন। বড় শট খেলতেও যথেষ্ট স্বচ্ছন্দ আর্যবীর। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জেরেই অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।
অন্য দিকে, অন্বয় দ্রাবিড় কর্ণাটকের ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যেই নিজের পরিচিতি তৈরি করেছেন। স্কুল ক্রিকেট থেকেই তাঁর পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলেন অন্বয়। এবার জাতীয় দলের অনূর্ধ্ব-১৯ পর্যায়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেন তিনি।
আর্যবীর ও অন্বয়ের ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁদের বাবাদের পরিচয়ের কারণে। তবে তাঁদের ঘনিষ্ঠ মহলের দাবি, দুই প্রাক্তন তারকা তাঁদের ক্রিকেটজীবনে সরাসরি প্রভাব খাটাননি। নিজেদের মতো করে খেলতে দিয়েছেন ছেলেদের। নির্বাচনের ক্ষেত্রেও কোনও বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেননি বলে জানা গিয়েছে।
ভারতীয় ক্রিকেটে তারকা ক্রিকেটারদের সন্তানদের জাতীয় দলে আসার নজির অবশ্য খুব বেশি নেই। লালা অমরনাথের ছেলে মহিন্দর অমরনাথ ভারতীয় ক্রিকেটে নিজস্ব জায়গা তৈরি করেছিলেন এবং বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন। তবে সুনীল গাওস্কর বা সচিন তেন্ডুলকরের ছেলেরা বাবাদের মতো আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাননি।
এবার সহবাগ ও দ্রাবিড়ের পরবর্তী প্রজন্মের সামনে নতুন সুযোগ। অনূর্ধ্ব-১৯ স্তর থেকেই নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন আর্যবীর ও অন্বয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তাঁদের পারফরম্যান্সের দিকেই এখন নজর থাকবে ক্রিকেটমহলের।






