একই দোকানে ফের আগুন! শিয়ালদহে অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন
দমকলের দাবি, খবর পেয়েই তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
Truth of Bengal: চলতি মাসেই তারাপীঠ ও নিউ মার্কেটে দুটি বড় অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটেছে। সেই আবহেই সোমবার সকালে শিয়ালদহ স্টেশন চত্বরে খাবারের দোকানে আগুন লাগার ঘটনায় ফের প্রশ্ন উঠছে অগ্নিনিরাপত্তা নিয়ে।
দমকলের দাবি, খবর পেয়েই তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে স্টেশন চত্বরে থাকা পাইপলাইন থেকে প্রয়োজনীয় জল পাওয়া যায়নি বলে অভিযোগ দমকল আধিকারিকদের। ফলে নিজেদের জল ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণে আনতে হয়। পাশাপাশি দোকানটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা দমকলের অভিযোগ সরাসরি মানতে চাননি। তাঁর বক্তব্য, বিষয়টি খতিয়ে না দেখে মন্তব্য করা ঠিক হবে না। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ধোঁয়ার কারণেই মূলত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল।
জানা গিয়েছে, একই দোকানে গত বছরও আগুন লেগেছিল। এক বছরের মধ্যেই ফের আগুন লাগায় উদ্বেগ আরও বেড়েছে। আগুনে দোকানটি প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং চিমনিও ভেঙে পড়েছে।
কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট, নাকি অন্য কোনও কারণ—তা তদন্ত করে দেখছেন দমকল আধিকারিকরা।






