মাত্র ৪০ টাকাতাই মিলবে রকমারি খাবার ‘অরিজিতের হেঁশেলে’, কোথায় গেলে পাবেন এই রেস্তোরাঁ?
এই রেস্তরাঁর মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষের সাধ্যের মধ্যে উন্নত মানের খাবার পৌঁছে দেওয়া
Truth of Bengal: গ্ল্যামার জগতের চাকচিক্য ছেড়ে সাদামাঠা জীবনযাপনের জন্য অরিজিৎ সিং বরাবরই জনপ্রিয়। সম্প্রতি প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার ঘোষণা করে ভক্তদের মন খারাপ করে দিলেও, গায়কের এক অন্য রূপের পরিচয় দিচ্ছে তাঁর স্বপ্নের রেস্তরাঁ ‘হেঁশেল’। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অবস্থিত এই রেস্তরাঁটি সাধারণ মানুষের কাছে এখন অন্যতম পছন্দের ঠিকানা, যেখানে মাত্র ৪০ টাকাতেও পেট ভরে খাওয়ার সুযোগ রয়েছে।
অরিজিতের বাবা সুরিন্দর সিং দীর্ঘ কয়েক বছর ধরে এই ব্যবসার দেখাশোনা করছেন, তবে গত বছর থেকে স্বয়ং অরিজিৎও বাবার সঙ্গে কাঁধ মিলিয়েছেন। তারকাদের রেস্তরাঁ মানেই যেখানে পকেটে টান পড়ার ভয় থাকে, সেখানে ‘হেঁশেল’ সম্পূর্ণ ব্যতিক্রম। আড়ম্বরহীন ছিমছাম অন্দরসজ্জার এই রেস্তরাঁর মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষের সাধ্যের মধ্যে উন্নত মানের খাবার পৌঁছে দেওয়া। হেঁশেলের মেনুতে উত্তর ভারত এবং বাংলার মেলবন্ধন চোখে পড়ার মতো। নিরামিষাশীদের জন্য ৪০ টাকা থেকে শুরু হওয়া ভেজ থালি ছাড়াও রয়েছে পনিরের রকমারি পদ। শাহি পনির মিলবে ১৯০ টাকায়, আর জিরে আলু মাত্র ১০০ টাকায়। আমিষ প্রেমীদের জন্য রয়েছে চিকেন রেজ়ালা, চিকেন চাঁপ ও মটন বিরিয়ানির মতো জিভে জল আনা সব আয়োজন। চিকেন বিরিয়ানি পাওয়া যাবে ২০০ টাকায় এবং মটন বিরিয়ানি ২৫০ টাকায়।
সবচেয়ে বড় বিশেষত্ব হলো খাবারের ঘরোয়া স্বাদ। অরিজিৎ নিজে যেমন বাড়ির তৈরি খাবার পছন্দ করেন, তাঁর রেস্তরাঁর রান্নায় সেই ঘরোয়া ছোঁয়া রাখার চেষ্টা করা হয়েছে। ডুমুরের তরকারি থেকে চিকেন কষা— প্রতিটি পদেই মিলবে বাড়ির হেঁশেলের স্বাদ। কোনো জাঁকজমক নয়, বরং সাধ্যের মধ্যে সুস্বাদু আহার দিয়েই অরিজিৎ জয় করে নিয়েছেন সাধারণ মানুষের মন।




