ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ২৫ মরশুমের গোল-রেকর্ড, ৯৭৭ পেরিয়ে এবার লক্ষ্য ঐতিহাসিক ‘১০০০’
চলতি মরশুমের দ্বিতীয় ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন পর্তুগিজ তারকা।
Truth of Bengal: ফুটবল মাঠে বয়সকে যেন প্রতিনিয়ত ভুল প্রমাণ করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসরের হয়ে আল রিয়াদের বিপক্ষে গোল করে নতুন ইতিহাস গড়েছেন তিনি। ৪-০ ব্যবধানের জয়ে দলের শেষ গোলটি করেন রোনাল্ডো। এর ফলে টানা ২৫টি লিগ মরশুমে তাঁর গোল করা হয়ে গেল।
চলতি মরশুমের দ্বিতীয় ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন পর্তুগিজ তারকা। ৬২ মিনিটে মাঠে নামার পর নিজের ছন্দ খুঁজে নিতে বেশি সময় নেননি। ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন রোনাল্ডো। মাত্র ২১ মিনিট মাঠে থেকেই নিজের উপস্থিতি জানান দেন তিনি। এই গোলের সঙ্গে টানা গোল করার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন রোনাল্ডো। ২০০২-০৩ মরশুমে স্পোর্টিংয়ের হয়ে গোল করার পর থেকে আর কোনও লিগ মরশুম গোলহীন কাটাননি তিনি। টানা ২৪ মরশুম গোল করার আগের নজির ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের। এবার তাঁকে ছাড়িয়ে গেলেন সিআর ৭।
এই ধারাবাহিকতা আরও উল্লেখযোগ্য, কারণ রোনাল্ডোর দীর্ঘ কেরিয়ারে ক্লাব বদলেছে, দেশ বদলেছে, প্রতিযোগিতার ধরন বদলেছে, কিন্তু গোল করার অভ্যাস বদলায়নি। স্পোর্টিং থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস হয়ে আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং শেষ পর্যন্ত আল নাসর— সব জায়গাতেই গোল করেছেন তিনি।
আল রিয়াদের বিপক্ষে গোলটি তাঁর সিনিয়র কেরিয়ারের ৯৭৭তম গোল। এখন ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে মাত্র ২৩ গোল দূরে রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর গোল ৪৫০টি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ১৪৫, জুভেন্টাসে ১০১, স্পোর্টিংয়ে ৫ এবং আল নাসরে ১৩০ গোল করেছেন। পর্তুগালের হয়ে তাঁর গোলসংখ্যা ১৪৬।
তবে এই দৌড়ে সময়ও গুরুত্বপূর্ণ। চলতি মরশুমের পর পেশাদার ফুটবল থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন রোনাল্ডো। বলেছেন, শেষটা তিনি স্মরণীয় করে যেতে চান। ফলে ১০০০ গোলের লক্ষ্যে প্রতিটি ম্যাচই এখন আলাদা গুরুত্ব বহন করছে।
আল নাসরও নতুন মরশুমে দুর্দান্ত শুরু করেছে। আল রিয়াদের বিরুদ্ধে বড় জয়ের ফলে টানা জয়ের ছন্দে রয়েছে দলটি। কিন্তু সেই রাতের সবচেয়ে বড় গল্প অবশ্যই রোনাল্ডোর। ২৫ মরশুমের গোলের রেকর্ডের পর তাঁর সামনে এখন একটাই বড় মাইলফলক— ১০০০।






