লিগের শীর্ষে মহামেডান, আচমকাই পদত্যাগ কোচ মেহরাজউদ্দিনের
আচমকা কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মেহরাজউদ্দিন ওয়াদু
Truth of Bengal: কলকাতা লিগে দুরন্ত ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। এখনও পর্যন্ত অপরাজিত থেকে ১৮ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে রয়েছে সাদা-কালো শিবির। সুপার সিক্সে ওঠার দৌড়ে যেখানে দল এগিয়ে, ঠিক সেই সময়েই আচমকা কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মেহরাজউদ্দিন ওয়াদু। বৃহস্পতিবার গভীর রাতে ক্লাব সভাপতি গজল জাফর এবং সচিব ওয়াসিম আক্রমের কাছে ই-মেল করে পদত্যাগের কথা জানান তিনি।
ফলে শুক্রবার কলকাতা লিগে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচে মহামেডানের ডাগআউটে আর দেখা যাবে না জাতীয় দলের প্রাক্তন এই ডিফেন্ডারকে। তাঁর পরিবর্তে আপাতত দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ শাহিদ রামন। সাধারণত কলকাতা লিগের মাঝপথে ফল খারাপ হলে মহামেডান কর্তারা কোচ বদলের সিদ্ধান্ত নেন। কিন্তু এ বার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মেহরাজের কোচিংয়ে এখনও পর্যন্ত অপরাজিত মহামেডান। ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে দল। ফলে পারফরম্যান্সের কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটা বলার কোনও সুযোগ নেই। বরং নিজের সিদ্ধান্তেই কোচের পদ ছাড়লেন মেহরাজ।ক্লাব সূত্রে খবর, মেহরাজের পদত্যাগের নেপথ্যে রয়েছে চুক্তিপত্র নিয়ে জটিলতা। মরশুমের শুরুতেই কোচের সঙ্গে মহামেডান কর্তাদের চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু কলকাতা লিগ মাঝপথে চলে এলেও সেই ‘প্রফেশনাল’ চুক্তিপত্র এখনও তাঁর হাতে পৌঁছয়নি বলে অভিযোগ।
এই বিষয়টি নিয়ে একাধিক বার ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনাতেও বসেছিলেন মেহরাজ। কিন্তু সমস্যার কোনও সমাধান হয়নি। শেষ পর্যন্ত মরশুমের শুরুতে যে শর্তগুলি নিয়ে আলোচনা হয়েছিল, সেই অনুযায়ী চুক্তিপত্র আর পাওয়া সম্ভব নয়—এমনটাই ধরে নেন তিনি। তার পরেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন।






