গুণ্ডারা বাংলাদেশ পালাও, বাংলায় খুনি-ধর্ষকদের কোনও জায়গা নেই: মুখ্যমন্ত্রী
‘পুলিশকে গুলি করলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?’ শান্তিনিকেতন কাণ্ডে মূল অভিযুক্ত রতন শেখের এনকাউন্টারের পর বিস্ফোরক মুখ্যমন্ত্রী!
Truth of Bengal: পালাবদলের বাংলায় ফের একবার গর্জে উঠল পুলিশের বন্দুক। শান্তিনিকেতনে কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ধৃত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ এবার খতম হল পুলিশের এনকাউন্টারে। রবিবার দুপুরেই তাকে গ্রেফতারের খবর প্রকাশ্যে এসেছিল, আর তার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। রাজ্যে পালাবদলের পর এই নিয়ে মোট পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল।
এই ঘটনার পরই অপরাধীদের উদ্দেশে অত্যন্ত কঠোর ও স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি সাফ জানিয়ে দেন, রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সম্পূর্ণ ‘খোলা হাত’ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী যা সিদ্ধান্ত নেওয়ার তা পুলিশ অনস্পটেই নেবে। মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে পুলিশ কি বাতাসা খাওয়াবে নাকি! যা করার সেটাই করবে।” দুষ্কৃতীদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “গুণ্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।”
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয়েছিল শুক্রবার সন্ধ্যায়। গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতনের লাইক বাজারে রতন শেখকে ধরতে সাদা পোশাকে বাইকে চেপে অভিযানে গিয়েছিলেন প্রান্তিক আউটপোস্ট ও শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। পুলিশ তাকে প্রায় নাগালের মধ্যে পেয়ে যেতেই রতন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায়। পায়ে গুলি লেগে গুরুতর জখম অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।
শনিবার রাতে হাসপাতালে গিয়ে আহত ওই কনস্টেবলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে সময়ই তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, “পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।” মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা পেরোনোর আগেই রবিবার দুপুরে রতন শেখকে গ্রেপ্তার করে পুলিশ এবং বিকেলের মধ্যেই এনকাউন্টারে তার মৃত্যু হয়। উল্লেখ্য, ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, অপরাধীদের ‘সকালে জমা, বিকেলে খরচ’ হবে। গত ছয় মাসে প্রশাসনের এই কড়া পদক্ষেপে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে।






