রাজ্যের খবর

“১০-এর মধ্যে ৯ না পেলে ক্ষমা চেয়ে নেব!”, মুখ্যমন্ত্রী হিসেবে ১ বছর পূর্তিতে কী চমক দেবেন শুভেন্দু?

ক্ষমতা গ্রহণের ১০০ দিনেই বড় সিদ্ধান্ত! জনতার দরবারে নিজের ‘মার্কশিট’ পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী!

Truth of Bengal: আগামী ৯ মে, ২০২৭ সাল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের ঠিক এক বছর পূর্ণ করবেন শুভেন্দু অধিকারী। কিন্তু বর্ষপূর্তির উদযাপনে মেতে না উঠে, প্রশাসনিক প্রধান হিসেবে নিজের দেওয়া প্রতিশ্রুতি তিনি কতটা পূরণ করতে পেরেছেন, তা যাচাই করতে সটান জনতার দরবারে পরীক্ষায় বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর মূল্যায়নের ওপর ভিত্তি করেই মিলবে তাঁর কাজের নম্বর। পুরুলিয়ায় জাইকা (JICA) জল প্রকল্পের শুভ উদ্বোধনে গিয়ে স্পষ্ট বার্তায় শুভেন্দু অধিকারী বলেন, “যদি ১০-এর মধ্যে ৯ না পাই, তাহলে সোজাসুজি ক্ষমা স্বীকার করে নেব।”

মঙ্গলবার, ১৮ আগস্ট ১০০ দিনে পা রাখছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। ঠিক তার আগের দিনই আগামী এক বছরের কাজের স্পষ্ট রূপরেখা ও লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন তিনি। আত্মবিশ্বাসী সুরে মুখ্যমন্ত্রী বলেন, “২০২৭ সালের ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে আমার এক বছর পূর্ণ হবে। সেদিন আপনাদের সামনে পরীক্ষায় বসব। আপনারাই আমাকে নম্বর দেবেন। যদি ১০-এর মধ্যে ৯ নম্বর না পাই, তবে মেনে নেব যে আমি ব্যর্থ হয়েছি এবং ক্ষমা চেয়ে নেব। তবে আমার দৃঢ় বিশ্বাস, সেদিন আপনারাই বলবেন আপনারা সঠিক মানুষকেই বেছে নিয়েছেন। শুধু একটু বিশ্বাস ও সময় দিন, সার্বিক কল্যাণে কাজ করে দেখাব।”

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বঙ্গবাসীর কাছে নিজেদের কাজের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ‘পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’ শীর্ষক একটি ৪১ পাতার বই প্রকাশ করা হয়েছে, যা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে।

রাজ্যের ক্ষমতায় আসার পর শুভেন্দু সরকার যে সমস্ত গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে, যেমন রাজ্যে আসা নতুন বিনিয়োগ, সামাজিক সুরক্ষাপ্রকল্পের সম্প্রসারণ, প্রশাসনিক স্বচ্ছতা, নারী নিরাপত্তা এবং আর্থিক স্বাবলম্বিতা, তার সমস্ত বিবরণ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এই পুস্তিকায়। বিগত দিনে যে সমস্ত কেন্দ্রীয় সামাজিক ও পরিকাঠামোগত প্রকল্প থেকে রাজ্যের মানুষ বঞ্চিত ছিলেন, এই ‘ডবল ইঞ্জিন’ সরকারের দৌলতে তা কীভাবে আমজনতার নাগালে এসেছে, তাও এখানে উল্লেখ রয়েছে। প্রথম ১০০ দিনের সাফল্যের পর, আগামী ৯ মাসে বাংলার উন্নয়নে কতদূর এগোলো রাজ্য, সেই হিসাব নিয়েই ২০২৭-এর মে মাসে স্বয়ং মুখ্যমন্ত্রী হাজির হবেন ‘জনতার দরবারে’।

Related Articles