Sonarpur: শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি- উধাও লক্ষাধিক টাকা ও ১৫ ভরি সোনা
Truth of Bengal, রেবাতি মালি: সোনারপুর থানা এলাকার রুপনগরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল (Sonarpur)। বাসন্তী হাইস্কুলের সংস্কৃত শিক্ষক রামশঙ্কর মন্ডল ও তাঁর পরিবারের দীর্ঘ ২১ বছরের বাস রুপনগরের ওই বাড়িতে। গত ১৩ই জুন তাঁর পিতার মৃত্যুর কারণে তিনি গোসাবার রাঙাবেলিয়ায় পৈত্রিক ভিটেয় গিয়েছিলেন। তখন বাড়ি ছিল তালাবন্ধ। সোমবার, ১৬ জুন তিনি বাড়ি ফিরে দেখেন, মেন গেটে তালা নেই—তখনই সন্দেহ হয় তাঁর।
আরও পড়ুন: Israel Missile Attack: ট্রাম্পের সতর্কবার্তার পরেই তেহরানে বিস্ফোরণ, চড়ছে যুদ্ধের পারদ
বাড়ির ভিতরে ঢুকে দেখেন, নিচতলায় একটি ঘর ও দোতলার তিনটি ঘরের প্রতিটি তালা ভাঙা। ঘরের ভিতর লণ্ডভণ্ড অবস্থা। তিনটি স্টিলের আলমারি ও দুটি শোকেস ভেঙে দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে প্রায় ১৫ ভরি সোনার গয়না ও নগদ ১ লক্ষ টাকা, যা তাঁর স্ত্রী সুতপা মন্ডলের অপারেশনের জন্য সংরক্ষিত ছিল। আরও বেশ কিছু জিনিস খোয়া গিয়েছে বলে জানিয়েছেন তারা ৷ রামশঙ্করবাবুর অনুমান, নিচতলার বাথরুমের জানালার গরাদ কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। বাড়িটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত, চারপাশে বাড়িঘরে ভর্তি হলেও কীভাবে এত বড় চুরি হয়ে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা (Sonarpur)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
তাঁদের অভিযোগ, এলাকায় নাকাফি পুলিশি টহল ও পর্যাপ্ত আলো না থাকায় চোরেরা নির্বিঘ্নে এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সোনারপুর থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন রামশঙ্করবাবু। তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। স্থানীয়রা চাইছেন, দ্রুত চোরদের গ্রেফতার করে এলাকায় ফের নিরাপত্তা নিশ্চিত করুক প্রশাসন (Sonarpur)।






