খেলারাজ্যের খবর

সুকান্তর হাতে ফুটবলের বার্তা, বালুরঘাটে সবুজ মাঠের স্বপ্ন

শিক্ষা দফতর এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় দেশজুড়ে স্কুলগুলিতে ফুটবল বিতরণ করা হচ্ছে।

Truth Of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: স্কুল পড়ুয়াদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে শনিবার সকালে বালুরঘাটের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের হাতে ফুটবল তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই কর্মসূচি ভারতের ফুটবলের মানোন্নয়নের লক্ষ্যে ফিফার উদ্যোগে শুরু হওয়া প্রকল্পের অংশ।

শিক্ষা দফতর এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় দেশজুড়ে স্কুলগুলিতে ফুটবল বিতরণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতাতেই এ দিন বালুরঘাট থেকে জেলার প্রায় ২৫০টি স্কুলের হাতে মোট ১৭০০টি ফুটবল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোককুমার লাহিড়ী এবং অন্যান্য অতিথিরা।

ফুটবল বিতরণ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ফিফার উদ্যোগে সারা দেশে প্রায় ৮৮ হাজারেরও বেশি ফুটবল স্কুলগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য পড়ুয়াদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়ানো এবং ফুটবলকে আবার জনপ্রিয় করে তোলা। তাঁর কথায়, ‘এক সময় বাঙালি ফুটবলে দেশের নেতৃত্ব দিয়েছে। স্কুল স্তর থেকেই আগ্রহ বাড়াতে পারলে সেই ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব।’ স্কুল কর্তৃপক্ষদের মতে, এই উদ্যোগের ফলে পড়ুয়াদের মধ্যে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়বে এবং মাঠমুখী হবে নতুন প্রজন্ম।

Related Articles