চার ফুটবলারের রমজানের উপোস ও খারাপ রেফারিং, হারের কারণ ব্যাখ্যা করলেন ব্রুজোঁ
ম্যাচ চলাকালীন ইউসেফ এজ্জেজারিকে শেষ মুহূর্তে নামানোর বিষয়েও সমালোচনার মুখে পড়তে হল কোচ অস্কারকে।
Truth Of Bengal: লাল-হলুদ ব্রিগেড জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ১-২ গোলে পরাজিত হয়েছে। প্রাক্তন খেলোয়াড় মাদিহ তালাল ও বাউলিদের দাপটে ঘরের মাঠে জিততে পারল না অস্কার ব্রুজোর দল। ডিফেন্সের ফাঁকফোকর এবং মানসিক দুর্বলতা আবারও ইস্টবেঙ্গলকে সমস্যায় ফেলল। এই হারের পর কোচ অস্কারের কৌশল নিয়েও প্রশ্ন উঠল।
ম্যাচ চলাকালীন ইউসেফ এজ্জেজারিকে শেষ মুহূর্তে নামানোর বিষয়েও সমালোচনার মুখে পড়তে হল কোচ অস্কারকে। তিনি জানিয়েছেন, ‘রমজান মাসে ফুটবলাররা পুরো দিন না খেয়ে থাকায় বিকেলের ম্যাচে সেরা পারফরম্যান্স দিতে পারছিল না। তাই শেষ সময়ে ইউসেফকে নামানো হয়েছে।’ কোচ আরও বলেন, ‘তালাল, বাউলিরা প্রাক্তন দলের বিরুদ্ধে খেলার জন্য উদ্দীপ্ত ছিল। তাছাড়া সিবলে, নাওরেম, সলের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অনুপস্থিত ছিল। আশা করছি আগামী তিন ম্যাচ জিতে আমরা আবার লিগের শীর্ষে ফিরে আসব।’
ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার রেফারির উপর তোপ দাগেন। তিনি দাবি করেন, ‘আমদের একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল। জামশেদপুরের খেলোয়াড়ের হাতে বল লাগলেও লাল কার্ড দেখানো হয়নি। রেফারিং সঠিক হয়নি। আশা করি, পরবর্তী ম্যাচে আমরা আরও ভাল পারফর্ম করব।’
প্রাক্তন দলের বিরুদ্ধে জয় উপভোগ করার পর মাদিহ তালাল লাল-হলুদ সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে কৃতজ্ঞ। চোটের পর অনেক সমর্থক ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন। আমি এই ক্লাবে ভাল সময় কাটিয়েছি। আবার ফিরতে পেরে খুব খুশি। গোল খাওয়ার পর আমরা মরিয়া হয়ে ওঠেছিলাম, তাই এই জয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’ ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ এফসি গোয়া।






