রাজ্যের খবর

বালুরঘাটে এসে বিধানসভায় বিরোধী দলের কক্ষ বিতর্ক নিয়ে বড় বার্তা স্পিকার রথীন্দ্রনাথ বোসের

বিধানসভার বিরোধী কক্ষ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেন স্পিকার।

Bangla Jago Desk: বিধানসভায় বিরোধী দলের কক্ষ খোলা নিয়ে চলা বিতর্কের মাঝেই বালুরঘাটে এসে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস। শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রবীন্দ্র ভবন মঞ্চে জেলা বিজেপির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। একই অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির চার বিধায়ককেও সংবর্ধনা দেওয়া হয়। যদিও ব্যক্তিগত কাজে কলকাতায় থাকায় তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এদিনের অনুষ্ঠানে রথীন্দ্রনাথ বোস ছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় এবং গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ জেলা নেতৃত্বের একাধিক সদস্য। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার বিরোধী কক্ষ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং কয়েকজন শীর্ষস্থানীয় বিধায়ক বিধানসভায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

বিষয়টি নিয়ে তিনি আগে থেকেই একটি চিঠি পেয়েছিলেন। সেই চিঠির প্রেক্ষিতে তিনি বিরোধী পক্ষকে কিছু নথি ও একটি রেজুলেশন জমা দেওয়ার কথা জানান। তাঁর দাবি, দু’দিন আগেই সেই সমস্ত কাগজপত্র সচিবালয়ে জমা পড়েছে। রথীন্দ্রনাথ বোস বলেন, “আমি চিঠি পেয়েছি। আগামী দুই-একদিনের মধ্যেই বিধানসভায় গিয়ে বিরোধী দলের জন্য নির্ধারিত ঘরগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখব। আগে ওই ঘরগুলির অবস্থা খুব একটা ভালো ছিল না। বিরোধী দলের নেতারা অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তাঁদের উপযুক্ত সম্মান দিয়েই ঘর বরাদ্দ করা হবে।”

তিনি আরও বলেন, এই বিষয়টি নিয়ে অযথা জলঘোলা না করে বিরোধী পক্ষকে সহযোগিতা করা উচিত। তাঁর কথায়, “আমি চাই সৌজন্য বজায় রেখেই বিষয়টির সমাধান হোক। প্রয়োজনীয় সময় লাগবে, তবে সম্মান রেখেই কাজ সম্পূর্ণ করা হবে।”পাশাপাশি স্পিকার জানান, তিনি ব্যক্তিগতভাবেও বিরোধী দলের নেতাদের সম্মান করেন এবং বিষয়টির দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে। বিজেপির সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে স্পিকারের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Related Articles