SIR ও ‘ভোটচুরি’ তত্ত্বের পাল্টা জবাব! প্রতিটি বিধানসভার ২০০ বিশিষ্ট মানুষের বাড়ি যাবে বিজেপির টিম
‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ যাত্রার পর এবার দ্বিতীয় দফার কর্মসূচি! বাংলায় উৎসব মিটতেই ঘরে ঘরে জনসংযোগে বিজেপি!
Truth of Bengal: কংগ্রেস, তৃণমূল, বাম ও ককরোচ-সহ বিরোধী দলগুলির আন্দোলনের মোকাবিলা করতে বছর ঘোরার আগেই কোমর বেঁধে মাঠে নামছে বিজেপি। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ মিছিলের পর এবার দ্বিতীয় দফায় বিধানসভাভিত্তিক জনসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে গেরুয়া শিবির। এই কর্মসূচির আওতায় প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকার ২০০ জন বিশিষ্ট মানুষের বাড়িতে যাবেন বিজেপি নেতারা। সমাজের সর্বস্তরের মানুষের কাছে যুক্তি ও তথ্য তুলে ধরে বিরোধীদের ‘ষড়যন্ত্র’ এবং দেশে অরাজকতা তৈরির চেষ্টার বিষয়টি ব্যাখ্যা করা হবে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রতিটি এলাকার যাঁরা জনমত তৈরি করেন, মূলত তাঁদের কাছেই পৌঁছাবেন দলের রাজ্য নেতারা। শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী থেকে শুরু করে শিক্ষক ও চিকিৎসক, সমাজের সব পেশার প্রতিনিধিদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বসবেন তাঁরা। দেশ ও বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মতামত সংগ্রহ করে তা রিপোর্ট আকারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে।
সম্প্রতি এসআইআর (SIR) ইস্যু এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস, বাম-অতি বাম ও ককরোচ পার্টি পথে নেমে দেশজুড়ে বিজেপি বিরোধী হাওয়া তৈরির চেষ্টা চালাচ্ছে। ২০২৭ সালের শুরুতেই উত্তরপ্রদেশ, গুজরাত ও উত্তরাখণ্ডের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে বিজেপিকে চাপে রাখতে বিরোধীরা আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চাইছে। পাল্টা হিসেবে বাংলায় উৎসব মিটতেই চার পাতার একটি বিশেষ পুস্তিকা নিয়ে ঘরে ঘরে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি।
এ প্রসঙ্গে রাজ্য বিজেপির এক শীর্ষনেতা দাবি করেছেন, “এটা শুধু বিজেপির কর্মসূচি নয়, যাঁরা ভারতের পক্ষে তাঁদের সকলের জন্য। ভারতবিরোধী ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেওয়ার জন্য প্রত্যেক ভারতপন্থী নাগরিককে আমরা আহ্বান জানাচ্ছি।”
বিজেপির তৈরি ওই চার পাতার লিফলেটে তথ্যভিত্তিক প্রচারের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে, দেশে ১২ বারের মধ্যে ১০ বারই এসআইআর হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের আমলে। পুস্তিকায় প্রশ্ন তোলা হয়েছে, গত ২০ বছরে বহু মানুষের মৃত্যু, স্থানান্তর ও অবৈধ অনুপ্রবেশ ঘটেছে এবং এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে সেই নামগুলি বাদ দেওয়া সম্ভব। তাহলে কংগ্রেস কেন এই প্রক্রিয়ায় বাধা দিচ্ছে? ত্রুটিপূর্ণ ভোটার তালিকার ওপর নির্ভর করেই কি তারা নির্বাচনে জিততে চায়? এছাড়া এসআইআর প্রক্রিয়ায় ১৩ কোটি নাম বাদ পড়ার নেপথ্যের পরিসংখ্যানও লিফলেটে স্পষ্ট করা হয়েছে। বিরোধীদের তোলা ‘ভোট চুরি’ তত্ত্বকে নস্যাৎ করে পুস্তিকায় বার্তা দেওয়া হয়েছে যে, নির্বাচনের ফল নির্ধারণ করেন ভোটাররা, এসআইআর নয়।






