অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভ, বালুরঘাট বিডিও অফিসের গেটে তালা মহিলাদের
"গরু-ছাগল চড়িয়ে সংসার চালাচ্ছি!" অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতা না পেয়ে বিডিও অফিসে সোচ্চার মহিলারা!
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিপুল আড়ম্বরে পালিত হয়েছে ‘অন্নপূর্ণা দিবস’। কিন্তু সেই উদযাপনের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ফুটল চরম অসন্তোষ ও জনরোষের ছবি। দীর্ঘ চার মাস ধরে বহুল চর্চিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের প্রাপ্য ভাতা না পাওয়ার গুরুতর অভিযোগে বালুরঘাট ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) দফতরে আছড়ে পড়ল ক্ষুব্ধ মহিলাদের নজিরবিহীন বিক্ষোভ। সোমবার সকালে বকেয়া টাকার দাবিতে বালুরঘাট বিডিও অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদে শামিল হন শতাধিক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে ব্লক প্রশাসনিক দপ্তর চত্বরে তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারী মহিলাদের চরম অভিযোগ, টানা চার মাস অতিক্রান্ত হতে চললেও তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কোন টাকা পৌঁছায়নি। পোর্টাল কিংবা সরকারি নথিতে অনেকের আবেদনের ক্ষেত্রে মাসের পর মাস ‘আন্ডার প্রসেসিং’ (Under Processing) দেখাচ্ছে। আবার অনেকের নাম চূড়ান্ত উপভোক্তা তালিকায় থাকা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ফুটো পয়সাও ঢোকেনি বলে অভিযোগ। কেন ও কী টেকনিক্যাল কারণে এই জটিলতা তৈরি হল, তার সুনির্দিষ্ট সদুত্তর পেতেই সোমবার বিডিও অফিসে সমবেত হন তাঁরা। ক্ষুব্ধ মহিলাদের দাবি, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে টাকা ঢোকার যে প্রশাসনিক আশ্বাস দেওয়া হয়েছিল, সেই নির্দিষ্ট তারিখ পেরিয়ে গেলেও তাঁদের হাত খালিই রয়ে গিয়েছে।
বিক্ষোভের মুখেই নিজেদের চরম আর্থিক সংকটের কথা তুলে ধরেন স্থানীয় মহিলারা। আন্দোলনকারী রাখি মণ্ডল দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভোটে রায় দেওয়ার পরও চার মাস ধরে একটা টাকাও পাচ্ছি না। আমরা অতি গরিব মানুষ; গরু-ছাগল পালন করে, ঘাস কেটে কোনোক্রমে সংসার চালাতে হচ্ছে। তাহলে আমরা কেন প্রাপ্য থেকে বঞ্চিত হব? বিডিও অফিস থেকে লোক গিয়ে বাড়িতে তদন্ত করে দেখুক। বারবার শুধু আশ্বাসের নাটক না করে দ্রুত অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা করা হোক।”
একই সুরে অন্য এক বিক্ষোভকারী মমতা বর্মনের অভিযোগ, “বারবার বলা হচ্ছে টাকা ঢুকবে, অথচ আজ পর্যন্ত একবারও পাইনি। ১৭ তারিখের প্রতিশ্রুতিও মিথ্যা প্রমাণিত হল। বিডিও অফিসে এসে জানতে চাইছি, আমাদের ফাইলে সমস্যা কোথায়? আমরা শান্তিপূণভাবে কেবল আমাদের অধিকারের পাওনাটুকু ফেরত চাই।” ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনিক আধিকারিকরা এসে দ্রুত টেকনিক্যাল সমস্যা খতিয়ে দেখার লিখিত আশ্বাস দিলে দীর্ঘক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি।






