রাজ্যের খবর

সমবায় দুর্নীতিতে যোগ, সাতসকালেই সিবিআই হানা সমবায়ের ম্যানেজারসহ একাধিক কর্মীর বাড়িতে

৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে

The Truth of Bengal: প্রতারণা অভিযোগে আলিপুরদুয়ারের একটি সমবায় সমিতি বন্ধ হয়ে যায় ২০২০ সালে। হাইকোর্টের নির্দেশে, সেই সমবায় দুর্নীতির তদন্তে নামে সিবিআই। সেই প্রেক্ষিতেই শনিবার ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরী, ক্লার্ক পঙ্কজ গুহ আচার্যসহ একাধিক কর্মীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।

২০২০ সালে বন্ধ হয়ে যায় আলিপুরদুয়ারের একটি সমবায় সমিতি। সেখানে গ্রাহক ছিলেন ২১ হাজার। এই সমিতির বিরুদ্ধে ৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সমবায়ের দুর্নীতির বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ দেয়।

সিবিআই সূত্রের খবর, ২০০০ সাল থেকে এই সমবায় সমিতি তাদের কাজ শুরু করে। মূলত এই সমিতিতে এলাকার নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলা সদস্যরাই টাকা জমা রাখতেন। গত কয়েক বছরে সমিতিতে আমানতকারীর সংখ্যা বাড়তে থাকে। প্রায় ২২ হাজার আমানতকারী রয়েছেন এখানে। অভিযোগ, ২০১৮-১৯ সালে এই সমবায় ঋণ দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত অনিয়ম করা হয়েছে। প্রায় ৫০ কোটি টাকা দুর্নীতি হয়েছে ঋণবণ্টনে।

প্রথমে আলিপুরদুয়ার থানার পুলিশ তদন্ত শুরু করেছিল। পরে তা তুলে দেওয়া হয় সিআইডির হাতে। পাঁচ জনকে গ্রেফতারও করা হয়। তারপর মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।  গত সপ্তাহেই সিবিআই-কে তদন্তভার দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই মামলায় এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত শুরু করে।

Related Articles