তালিকা থেকে বাদ ক্যান্সার আক্রান্ত আইসিডিএস কর্মীর, আতঙ্কে পরিবার
ওই গ্রামের বাসিন্দা বন্দনা নাগা পেশায় একজন অঙ্গনওয়াড়ি (আইসিডিএস) কর্মী।
Truth Of Bengal: সৌভিক গোস্বামী, আরামবাগ: চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিতর্ক ক্রমশই বাড়ছে। এবার হুগলির গোঘাটে ক্যান্সার আক্রান্ত এক আইসিডিএস কর্মীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। শুধু তাঁরই নয়, স্বামীর নামও তালিকা থেকে বাদ গিয়েছে, এমনকি ছেলের নাম ‘বিচারাধীন’ তালিকায় থাকায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছে গোটা পরিবার।
ঘটনাটি হুগলির গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার। ওই গ্রামের বাসিন্দা বন্দনা নাগা পেশায় একজন অঙ্গনওয়াড়ি (আইসিডিএস) কর্মী। বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং তাঁর কেমোথেরাপি চলছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর সংক্রান্ত শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পেয়েছিলেন বন্দনা। তবে অসুস্থতার কারণে পরিবারের তরফে আগেভাগেই স্থানীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে বাড়িতেই তাঁর নথি যাচাই করা হয়।কিন্তু এরপর এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা যায়, বন্দনা নাগা এবং তাঁর স্বামী বিকাশ রায়—দু’জনেরই নাম তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি তাঁদের ছেলে সীমন্ত রায়ের নামও ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
বন্দনার স্বামী বিকাশ রায় পেশায় গাড়ির চালক। একদিকে অসুস্থ স্ত্রীর চিকিৎসা, অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সমস্যা—দু’দিক সামলাতে গিয়ে তিনি কার্যত দিশেহারা। পরিবারের দাবি, প্রয়োজনীয় নথিপত্র নিয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরেও এখনও কোনও সমাধান মেলেনি। এমনকি অনলাইনে নতুন করে আবেদন জানাতে ৬ নম্বর ফর্মও পূরণ করতে পারছেন না বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। শাসকদলের দাবি, এসআইআর ইস্যু নিয়েই তাঁদের নেত্রী আন্দোলন করছেন এবং বহু সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ার বিষয়টি ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দ্রুত সমস্যার সমাধান এবং ভোটাধিকার ফিরে পাওয়ার আশায় প্রশাসনের দ্বারস্থ হচ্ছে বন্দনা নাগার পরিবার।






