ঝাড়গ্রামের উন্নয়নে ৩৪২ কোটি! লোধা-শবরদের জন্য বাড়ি বাড়ি পৌঁছবে পুষ্টিকর খাবার
রাজ্য বাজেটে ঘোষিত এই প্রকল্পে এবার থেকে প্রতি সপ্তাহে লোধা-শবর পরিবারগুলির বাড়িতে পৌঁছে যাবে পুষ্টিকর খাবারের কিট।
Truth of Bengal: ঝাড়গ্রামের উন্নয়নে ৩৪২ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। শুক্রবার মানিকপাড়ার লোধা-শবর অধ্যুষিত কালাঝারিয়া গ্রামে বিশেষ পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দাবি করা হয়েছে, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচিতে এই গ্রামে এলেন।
রাজ্য বাজেটে ঘোষিত এই প্রকল্পে এবার থেকে প্রতি সপ্তাহে লোধা-শবর পরিবারগুলির বাড়িতে পৌঁছে যাবে পুষ্টিকর খাবারের কিট। তাতে থাকবে চাল, ডাল, তেল ও সয়াবিন। রেশনের অতিরিক্ত পরিষেবা হিসেবে পশ্চিম মেদিনীপুরের ৪৫ হাজার এবং ঝাড়গ্রামের ২৫ হাজার পরিবার এই সুবিধা পাবে।
এছাড়াও ঝাড়গ্রামের ২ লক্ষ পড়ুয়াকে ৮০০ টাকা করে এসটি বৃত্তি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আদিবাসী মহিলা সমৃদ্ধি যোজনা চালুর আশ্বাস দেওয়ার পাশাপাশি ১২৫ দিনের কাজের গ্যারান্টি এবং নতুন জবকার্ড দেওয়ার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, জেলায় ২ লক্ষ ৭২ হাজার ৯০৩ জন অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পাচ্ছেন।
পশ্চিমাঞ্চলের উন্নয়ন নিয়ে আগের সরকারকে কটাক্ষ করে শুভেন্দু জানান, ঝাড়গ্রামের সার্বিক উন্নয়নে আগামী ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১২ নভেম্বর বাঁকুড়ায় বাদনা পরবে যোগ দেওয়ার আশ্বাসও দেন তিনি।






