মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপত্তি! তলিয়ে গেলেন দুই যুবক
হাওড়ার ডোমজুড় থেকে ছয় যুবকের একটি দল বেড়াতে এসেছিলেন মন্দারমণিতে
Truth of Bengal: পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন দুই যুবক। উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান তাঁরা। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অপর যুবক। বৃহস্পতিবার বিকেলে মন্দারমণির মনসা মন্দির সংলগ্ন সমুদ্র সৈকতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড় থেকে ছয় যুবকের একটি দল বেড়াতে এসেছিলেন মন্দারমণিতে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ তাঁরা মনসা মন্দিরের কাছে সমুদ্রে স্নান করতে নামেন। সেই সময় আচমকাই প্রবল ঢেউ আছড়ে পড়ে। ঢেউয়ের তোড় সামলাতে না পেরে দুই যুবক গভীর জলে তলিয়ে যান। সম্পর্কে তাঁরা ভগ্নিপতি ও শ্যালক বলে জানা গিয়েছে। নিখোঁজ যুবকদের নাম সেক সাহিল (২২) এবং সেক শাহিদ (২৫)। দু’জনেরই বাড়ি হাওড়ার ডোমজুড় এলাকায়। দুর্ঘটনার পর বাকি চার যুবককে নিরাপদে উদ্ধার করা হয়। খবর পেয়েই উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন ও সমুদ্রসৈকতে কর্মরত নুলিয়ারা। স্পিডবোট নিয়ে সমুদ্রে শুরু হয় তল্লাশি অভিযান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাতের দিকে সেক শাহিদের দেহ উদ্ধার করা সম্ভব হয়।
অন্যদিকে, এখনও পর্যন্ত সন্ধান মেলেনি ২২ বছরের সেক সাহিলের। শুক্রবার সকাল থেকে ফের তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন ও উদ্ধারকারী দল। উত্তাল সমুদ্রে নিখোঁজ যুবকের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।






