কলকাতা

হাসপাতালের নোংরা নিয়ে কড়া স্বাস্থ্য দফতর! পুরসভাগুলিকে চিঠি স্বাস্থ্যভবনের

প্রস্তাব অনুযায়ী, হাসপাতাল চত্বরে বর্জ্য সংগ্রহের নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে।

Truth of Bengal: শহরাঞ্চলের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে উদ্যোগী হল রাজ্য স্বাস্থ্য দপ্তর। শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে পুর ও নগরোন্নয়ন দপ্তরকে চিঠি পাঠিয়ে হাসপাতালের বর্জ্য নিয়মিত পরিষ্কার এবং সামগ্রিক পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, হাসপাতাল চত্বরে বর্জ্য সংগ্রহের নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে। বিভিন্ন ধরনের আবর্জনার জন্য রাখতে হবে আলাদা রঙের ডাস্টবিন। নিয়মিত বর্জ্য অপসারণের পাশাপাশি হাসপাতাল সংলগ্ন রাস্তা, নর্দমা এবং ঝোপঝাড়ও পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের তদারকির জন্য স্থানীয় নোডাল আধিকারিকদের যোগাযোগের নম্বর দেওয়ার প্রস্তাবও রয়েছে।

সম্প্রতি পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ ওঠে। হাসপাতাল চত্বরে বর্জ্য জমে থাকার বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন সাংসদ জ্যোতির্ময় মাহাতো। এরপর হাসপাতালের সুপার-সহ আটজনকে শোকজ করা হয়।

এই ঘটনার পর রাজ্যের মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নিয়ে বৈঠক করে স্বাস্থ্যভবন। হাসপাতাল দিনে অন্তত তিনবার পরিষ্কার রাখার নির্দেশও দেওয়া হয়। নিয়ম না মানলে সংশ্লিষ্ট সংস্থার টেন্ডার বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।

Related Articles