এবার হোয়াটসঅ্যাপেই হবে মোবাইল রিচার্জ! জিও-এয়ারটেল গ্রাহকদের জন্য ধামাকা ফিচার আনল মেটা
এর জন্য নেদারল্যান্ডের PayU নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে মেটা৷
Truth of Bengal: মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে আগেই চালু করা হয়েছিল UPI পেমেন্ট ফিচার ৷ স্ক্যানিং ও UPI আইডির মাধ্যমে যে-কোনও অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই মোবাইল রিচার্জ করা সম্ভব। খুব শিগগিরই নতুন এই ফিচারটি ভারতে চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপে। এর জন্য নেদারল্যান্ডের PayU নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে মেটা৷
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা প্রিপেড সিম ব্যবহার করেন তাঁরা এই সুবিধা পাবেন। পোস্টপেইড বিল পেমেন্টের ক্ষেত্রে কোনও সুবিধা পাওয়া যাবে কিনা তা জানানো হয়নি। আগামী কয়েক সপ্তাহর মধ্যেই নতুন এই ফিচার চালু হয়ে যাবে হোয়াটসঅ্যাপে। ভারতের সমস্ত ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। PayU গেটওয়ের মাধ্যমে Airtel, Vi এবং Jio-র ব্যবহারকারীরা যাবতীয় প্ল্যান দেখতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এরপর নিজেদের সুবিধামতো প্ল্যান রিচার্জও করতে পারবেন ৷ Android এবং iOS ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
হোয়াটসঅ্যাপ মোবাইলে খুললেই হোম স্ক্রিনের একদম ওপরে থাকবে ₹ আইকন। ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে। মোবাইল নম্বর দিতে হবে ৷ অথবা ফোনবুক থেকে নম্বর বেছে নিতে হবে ৷ এরপর সার্ভিস প্রোভাইডার বেছে নিতে হবে ৷ যাবতীয় রিচার্জ প্ল্যান সেখানে দেখা যাবে ৷ সুবিধামতো একটি প্ল্যানে ক্লিক করতে হবে ৷ পেমেন্ট মোড বেছে নিয়ে রিচার্জ করতে পারবেন ৷






