কলকাতা

দিওয়ালির আগে ফের মূল্যবৃদ্ধি, কলকাতায় বাড়ল গ্যাসের দাম

অক্টোবরের পর নভেম্বরেও দাম বাড়ায় হোটেল-রেস্তরাঁর খরচ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

Truth of Bengal: দিওয়ালির আগে ফের মূল্যবৃদ্ধির ধাক্কা। নতুন মাসের শুরুতেই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ১ নভেম্বর থেকে গোটা দেশে নতুন দাম কার্যকর হয়েছে। কলকাতায় সবচেয়ে বেশি দাম বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। অক্টোবরের পর নভেম্বরেও দাম বাড়ায় হোটেল-রেস্তরাঁর খরচ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭ টাকা বেড়ে হয়েছে ২,৯৭১ টাকা। দিল্লিতে নতুন দাম ২,৮২০ টাকা। মুম্বইয়ে ১০.৫০ টাকা বেড়ে দাম হয়েছে ২,৭৬৪.৫০ টাকা। চেন্নাইয়ে ১১.৫০ টাকা বেড়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,৯৯৪.৫০ টাকা।

মূলত হোটেল, রেস্তরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজির সিলিন্ডার। দাম বাড়ায় এই প্রতিষ্ঠানগুলির রান্নার খরচও বাড়তে পারে। ফলে উৎসবের মরশুমে হোটেল-রেস্তরাঁয় খেতে গেলে সাধারণ মানুষকে বাড়তি টাকা খরচ করতে হতে পারে।

বিশ্ববাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের তেল বিপণন সংস্থাগুলি গ্যাসের দাম নির্ধারণ করে। অশোধিত তেলের দাম বৃদ্ধি এবং সৌদি আরব ও আলজেরিয়ার পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব ভারতের বাণিজ্যিক গ্যাসের বাজারেও পড়েছে বলে জানা যাচ্ছে।

তবে গৃহস্থের ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে। এপ্রিল ও মে মাসে ৯৩৯ টাকা থাকার পর জুনে দাম বেড়ে ৯৬৮ টাকা হয়েছিল। এরপর তিন মাস দাম না বাড়লেও নভেম্বরেও কলকাতায় ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৬৮ টাকাই রয়েছে।