চোরবাগান কাণ্ডের পর সতর্ক নবান্ন, কালীপুজো-জগদ্ধাত্রী-ছটে নিরাপত্তায় কড়া নির্দেশিকা
নির্দেশিকায় বলা হয়েছে, মণ্ডপে পর্যাপ্ত আলো, চওড়া প্রবেশ ও প্রস্থানের পথ এবং প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক রাখতে হবে।
Truth of Bengal: দুর্গাপুজো শেষ। এবার সামনে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজো। উৎসবের দিনগুলিতে মণ্ডপ ও ঘাটে দর্শনার্থীদের ভিড় সামলাতে নিরাপত্তা জোরদার করছে রাজ্য প্রশাসন। চোরবাগান কাণ্ডের পর কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না নবান্ন। তাই পুজো কমিটি ও প্রশাসনের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, মণ্ডপে পর্যাপ্ত আলো, চওড়া প্রবেশ ও প্রস্থানের পথ এবং প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক রাখতে হবে। কোনওভাবেই যাতে মণ্ডপে অতিরিক্ত ভিড় না জমে, তা নিশ্চিত করতে হবে পুজো কমিটিগুলিকে। দর্শনার্থীর সংখ্যা মাথায় রেখে পুলিশ মোতায়েন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখতে হবে। সমস্ত আয়োজন খতিয়ে দেখবে পুলিশ ও প্রশাসন।
মণ্ডপে অগ্নিনির্বাপক ব্যবস্থার উপরও জোর দেওয়া হয়েছে। কোনও দুর্ঘটনা ঘটলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দমকলের পৌঁছনোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। অন্যদিকে, ঘাটগুলিতে নিরাপত্তার জন্য নৌকায় লাইফ জ্যাকেট, পর্যাপ্ত আলো এবং প্রয়োজনীয় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর পর ছটপুজো উপলক্ষে ঘাটগুলিতে বিশেষ ব্যবস্থা রাখতে হবে। সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর পাশাপাশি মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য আলাদা ঘর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে চোরবাগান কাণ্ডের পর আসন্ন উৎসবগুলিতে জনসুরক্ষা নিশ্চিত করতে সতর্ক প্রশাসন।






