ডোভালের উত্তরসূরি বাছাই নিয়ে ভাবনা, আলোচনায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল
রাজনৈতিক মহলে খবর, শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে কিছুদিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ডোভাল।
Truth of Bengal: পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবিকে কেন্দ্রের গুরুত্বপূর্ণ কোনও পদে নিয়ে আসার সম্ভাবনা নিয়ে রাজধানীর প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে। কী সেই পদ, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাক্তন আইপিএস অফিসার রবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি হিসাবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতার কারণে তাঁকে ফের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক মহলে খবর, শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে কিছুদিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ডোভাল। সেই পরিস্থিতিতে তাঁর উত্তরসূরি নিয়ে কেন্দ্রীয় প্রশাসনের অন্দরে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে এসেছে রবীন্দ্রনাথ রবির নাম। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
১৯৭৬ সালের কেরল ক্যাডারের আইপিএস রবি ২০১৮ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করেন। জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা ব্যবস্থা ও ডোভালের কাজের ধরন সম্পর্কে তাঁর অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর তিনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান হন। নাগা শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
২০১৯ সালে মেঘালয়ের রাজ্যপাল এবং ২০২১ সালে তামিলনাড়ুর রাজ্যপাল হন রবি। পরে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেন। ফলে প্রশাসনিক ও সাংবিধানিক দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তাঁর রয়েছে। কেন্দ্রের কোনও গুরুত্বপূর্ণ পদে রবিকে নিয়ে যাওয়া হলে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল কে হবেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপালের দায়িত্ব নেওয়া রবি ভোট ও সরকার পরিবর্তনের সময় দায়িত্ব পালন করেছেন। তাঁর জায়গায় পরবর্তী রাজ্যপাল হিসাবে এমন কাউকে খোঁজা হতে পারে, যিনি বিতর্কের বাইরে থেকে দায়িত্ব সামলাতে পারবেন।



