দেশ

জ্ঞানেশ অপসারণের দাবিতে ‘ইন্ডি’ জোটের সভা, পাল্টা পথে বিজেপি

শিখবিরোধী দাঙ্গার ৪২ বছর পূর্তিতে রবিবার বিজেপির মিছিল শুরু হবে হরিনগর বাসস্ট্যান্ড থেকে।

Truth of Bengal: উত্তপ্ত রাজধানী। রাজপথে স্লোগান, নিরাপত্তারক্ষীদের টহল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও এসআইআর বাতিলের দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে সভা করছে বিরোধী ‘ইন্ডি’ জোট। অন্যদিকে, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রতিবাদে কংগ্রেসের বিরুদ্ধে পথে নামছে বিজেপি। একই দিনে দুই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

শিখবিরোধী দাঙ্গার ৪২ বছর পূর্তিতে রবিবার বিজেপির মিছিল শুরু হবে হরিনগর বাসস্ট্যান্ড থেকে। মিছিল শেষ হবে তিলকনগর মেট্রো স্টেশন চত্বরে। এতে উপস্থিত থাকার কথা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, দিল্লি বিজেপির নেতা মলহোত্র, এইচএস ফুলকা, মজিন্দর সিং সিরসা এবং বাঁসুরী স্বরাজ-সহ একাধিক নেতৃত্বের।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৪ সালে দিল্লিতে শিখবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় বহু মানুষ নিহত হন। বিজেপি নেতা রবিশংকর প্রসাদের অভিযোগ, শিখ সম্প্রদায়ের ক্ষতে নুনের ছিটে দিতেই ওই দিন রামলীলা ময়দানে সভার আয়োজন করেছে বিরোধী জোট। তাঁর দাবি, রাহুল গান্ধী পরিকল্পনা করেই এই দিনটি বেছে নিয়েছেন।

অন্যদিকে, ‘ভোটচুরি’র অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রামলীলা ময়দানে ‘ইন্ডি’ জোটের মেগা সমাবেশের আয়োজন করা হয়েছে। সভাকে ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রামলীলা ময়দানে পুলিশ ও আধাসেনা মিলিয়ে প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। নজরদারির জন্য রয়েছে অন্তত ২০০টি এআই-সংযুক্ত ক্যামেরা।

Related Articles