দেশ

ফেসবুক-ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর ফেক ভিডিওর ছড়াছড়ি! বড় শাস্তির মুখে মেটা ইন্ডিয়া প্রধান অরুণ শ্রীনিবাস?

মোদির পদত্যাগপত্র থেকে বিতর্কিত বার্তা! এআই-এর ফাঁদে দিশেহারা নেটদুনিয়া, এফআইআর মেটা কর্তার বিরুদ্ধে!

Truth of Bengal: নেটদুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর (AI) অপব্যবহার নিয়ে দীর্ঘ দিন ধরেই বাড়ছে উদ্বেগ। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ভুয়া কন্টেন্ট বানিয়ে জনমানসে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠছে বার বার। এবার সেই বিতর্কের কেন্দ্রে চলে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেটার অধীনস্থ প্ল্যাটফর্মগুলোতে মোদির একঝাঁক ভুয়া এআই ভিডিও এবং বিতর্কিত পোস্ট হু হু করে ভাইরাল হতেই নড়েচড়ে বসল প্রশাসন। ঘটনার জেরে সরাসরি মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

পুলিশ সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক ডিপফেক ও এআই-তৈরি কন্টেন্ট ছড়িয়ে পড়েছে। কোথাও দেখানো হচ্ছে তাঁর ভুয়া ইস্তফাপত্র, আবার কোথাও জুড়ে দেওয়া হচ্ছে বিতর্কিত বার্তা। সাধারণ ব্যবহারকারীরা এআই দিয়ে তৈরি এই সমস্ত নিখুঁত ছবি বা ভিডিওর সত্যতা বুঝতে না পেরে বিভ্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো আটকানো এবং এআই কন্টেন্টের প্রচার রুখতে মেটা আদৌ কোনও কার্যকর পদক্ষেপ নিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলে সাইবার পুলিশ। এর আগে মেটার প্রতিনিধিদের তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। তবে তদন্তের অগ্রগতির সঙ্গেই এবার মেটা ইন্ডিয়ার শীর্ষ কর্তার বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নিল পুলিশ।

হায়দরাবাদ সাইবার ক্রাইম বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই সমস্ত বিভ্রান্তিকর কন্টেন্টের আসল উৎস কোথায় এবং কারা কী উদ্দেশ্যে এগুলো আপলোড বা শেয়ার করছে, তা তন্ন তন্ন করে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মেটার অ্যালগরিদম ও প্ল্যাটফর্ম নিরাপত্তা ব্যবস্থা এ ধরনের ভুয়া তথ্য রদ করতে সক্ষম কি না, তা-ও তদন্তের আওতায় আনা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী মোদির একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও ফেসবুক থেকে মুছে দেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিজেপি নেতৃত্বের তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে ভুল স্বীকার করে কেন্দ্রের কাছে ‘মুচলেকা’ দিতে বাধ্য হয় মেটা। কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে, প্রধানমন্ত্রী বা অন্য কোনও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের পোস্ট যেন এভাবে গায়েব না হয়ে যায়, তা সুনিশ্চিত করা হবে। মেটার শীর্ষ আধিকারিকরা খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। কিন্তু সেই বৈঠকের আগেই মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় আইনি জট ও চাপ যে বহুগুণ বেড়ে গেল, তা বলাই বাহুল্য।

Related Articles