রাজ্যের খবর

ঠাকুরনগরে প্রথমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু, মমতাকে নিশানা করে মতুয়াদের জন্য বড় বার্তা

ঠাকুরবাড়িতে পুজো ও আরতি সেরে মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী।

Truth of Bengal: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঠাকুরনগরে এলেন শুভেন্দু অধিকারী। বাগদার বিজেপি বিধায়ক সোমা ঠাকুরের আমন্ত্রণে রবিবার বনগাঁর ঠাকুরনগরে আসেন তিনি। ঠাকুরবাড়িতে পুজো ও আরতি সেরে মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী।

ঠাকুরবাড়িতে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, মতুয়া সমাজকে বিভক্ত করেছেন মমতা। বিগত সরকার মতুয়াদের উন্নয়নে কোনও কাজ করেনি বলেও দাবি করেন তিনি। পাশাপাশি সিএএ-র বিরোধিতা করার জন্যও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু।

রবিবার দুপুরে ঠাকুরনগরের নাটমন্দিরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করেন মুখ্যমন্ত্রী। এরপর সাষ্টাঙ্গে প্রণাম করেন তিনি। রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মতুয়া সমাজের অবদানের কথা উল্লেখ করে তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শুভেন্দু।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগের সরকার মতুয়াদের উন্নয়নে বাধা দিয়েছে এবং মতুয়া পরিবারকে ভেঙে সমাজকে বিভক্ত করেছে। সিএএ-রও বিরোধিতা করেছে সেই সরকার। মতুয়াদের জন্য কাজ করতেই ঠাকুরনগরে এসেছেন বলে জানান শুভেন্দু। তাঁদের জন্য একাধিক ঘোষণা করার কথাও বলেন তিনি।

Related Articles