রামলীলা ময়দানে মমতার বার্তা, ‘যুব প্রজন্ম নেতৃত্ব দিন, আমরা গাইড করব’
বিকেলে মঞ্চে বক্তব্য রাখতে উঠে জ্ঞানেশ কুমার ও বিজেপিকে একসঙ্গে নিশানা করেন মমতা।
Truth of Bengal: দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের বিশাল সমাবেশে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটচুরির অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে মমতা ভবিষ্যতের আন্দোলনের নেতৃত্ব যুব প্রজন্মের হাতে তুলে দেওয়ার বার্তা দেন। তাঁর কথায়, “যুব প্রজন্ম নেতৃত্ব দিন, আমরা গাইড করব।”
রবিবার দুপুর থেকে রামলীলা ময়দান ও সংলগ্ন এলাকায় ভিড় জমাতে শুরু করেন বিরোধী জোটের সমর্থক ও সাধারণ মানুষ। বিকেলে মঞ্চে বক্তব্য রাখতে উঠে জ্ঞানেশ কুমার ও বিজেপিকে একসঙ্গে নিশানা করেন মমতা। তাঁর অভিযোগ, ভোটাধিকার, মানুষের চাকরি ও জীবন লুট করা হয়েছে। ‘জ্ঞানেশ হটাও’ স্লোগান তুলে তিনি বলেন, “ভ্যানিশ কুমার, আপনি ভোট ভ্যানিশ করে দিয়েছেন।”
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়েও অভিযোগ করেন মমতা। তাঁর দাবি, বাংলায় তাঁকে হারানো হয়েছে, তিনি নিজে হারেননি। পাশাপাশি তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূলনেত্রী। গণতন্ত্রের মাধ্যমে দেশবাসীকে প্রকৃত ভালোবাসার বার্তা দেন তিনি।






