শিশু সুরক্ষায় কেন্দ্রের কড়া বার্তা, এবার সরাসরি পুলিশকে তথ্য দেবে Meta
ক্ষতিকর ও আপত্তিকর তথ্য ছড়ানো রোধ করতে কেন্দ্র বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নজরদারি বাড়িয়েছে।
Truth of Bengal: সোশাল মিডিয়াগুলিতে শিশুদের যৌন শোষণের মতো মারাত্মক অপরাধ ঠেকাতে এবার সরাসরি প্রশাসনিক পদক্ষেপের মুখোমুখি হতে হচ্ছে বিভিন্ন সংস্থাকে। ভারতে কাজ করতে হলে শিশুদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করতেই হবে— এই নীতিতে কেন্দ্রীয় সরকার অটল। সরকারের এই কড়া অবস্থানের পর মেটা সম্মতি জানিয়েছে যে শিশু নিগ্রহ সম্পর্কিত যেকোনও ঘটনার তথ্য তারা সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেবে।
ক্ষতিকর ও আপত্তিকর তথ্য ছড়ানো রোধ করতে কেন্দ্র বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নজরদারি বাড়িয়েছে। অনলাইন প্ল্যাটফর্মগুলিকে বার্তা দেওয়া হয়েছে যে শিশুদের সুরক্ষায় নিষ্ক্রিয়তা বরদাস্ত করা হবে না। এই পরিস্থিতিতে মেটা জানিয়েছে, তারা অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি করতে আইফোরসি পরিচালিত সাইবার ক্রাইম পোর্টালে সরাসরি শিশু সম্পর্কিত যাবতীয় সুরক্ষার তথ্য সরবরাহ করা শুরু করবে।
বিবিসির প্রকাশিত একটি প্রতিবেদনে মেটার নিয়ন্ত্রণাধীন প্ল্যাটফর্মে শিশু সংক্রান্ত আপত্তিকর বিজ্ঞাপনের তথ্য সামনে এসেছিল। সেই ঘটনার ভিত্তিতে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন পদক্ষেপ নেয় এবং বিষয়টি খতিয়ে দেখতে সেপ্টেম্বর মাসে মেটা ইন্ডিয়ার পরিচালকদের উপস্থিত হওয়ার নির্দেশ দেয়।
পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনও দিল্লি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়ে জানতে চেয়েছে, ইনস্টাগ্রাম-সহ অন্যান্য মাধ্যমগুলিতে পকসো আইনের নিয়ম অনুযায়ী নিয়মমাফিক তথ্য ও অভিযোগ জমা দেওয়া হচ্ছিল কি না। অনলাইন মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।





