মতুয়া মহাতীর্থে নতুন মন্দির, বারুণী মেলা হবে জাতীয় মেলা! ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঠাকুরবাড়ির সামনে অবস্থিত শ্বেতমন্দিরে পুজো দিয়ে সম্মেলনে যোগ দেন শুভেন্দু।
Truth of Bengal: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঠাকুরনগরে গিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। রবিবার গোঁসাই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে মতুয়া মহাতীর্থে নতুন মন্দির নির্মাণ, বারুণী মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি, ঠাকুরনগরে পৃথক পুরসভা তৈরির মতো একাধিক উদ্যোগের কথা জানান তিনি। মতুয়াদের নাগরিকত্ব নিশ্চিত করার পাশাপাশি ঠাকুরনগরের ঐতিহ্য রক্ষার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
ঠাকুরবাড়ির সামনে অবস্থিত শ্বেতমন্দিরে পুজো দিয়ে সম্মেলনে যোগ দেন শুভেন্দু। সেখানে বনগাঁর সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের উদ্দেশে তিনি জানান, মতুয়া মহাতীর্থে আরও বড় মন্দির তৈরি করা হবে। তীর্থক্ষেত্রের ট্রাস্টের অর্থে এই নির্মাণকাজ হবে। সব প্রস্তুতি সম্পূর্ণ হলে ভূমিপুজোয় তিনি নিজে এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
বারুণী মেলা নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, মেলার উন্নয়নে রাজ্য সরকার বিশেষ সাহায্য করবে। ধাপে ধাপে বারুণী মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তারকেশ্বরের শ্রাবণী মেলার মতো বারুণী মেলাকেও আরও বৃহৎ আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ঠাকুরনগরের উন্নয়নে পৃথক পুরসভা তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী বাজেটে পুরসভা গঠনের জন্য অর্থ বরাদ্দ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি মতুয়া সমাজের সকলের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন শুভেন্দু। তাঁর কথায়, মতুয়াদের পাশে থেকে সেবা করাই তাঁর লক্ষ্য।






