কলকাতা

সাউথ সিটির ২৮ তলার ফ্ল্যাটে আগুন! সাতসকালে আতঙ্কে ছোটাছুটি বাসিন্দাদের, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

সাউথ সিটি মলের পাশেই অগ্নিকাণ্ড! ২৮ তলার ফ্ল্যাটে কীভাবে লাগল আগুন? তদন্তে পুলিশ ও দমকল!

Truth of Bengal: শুক্রবার সাতসকালে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের অত্যন্ত পরিচিত ও অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আবাসনের ৩ নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে বহুতলের ওপর থেকে ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। সাতসকালে সাউথ সিটি মল সংলগ্ন ওই ঘনবসতিপূর্ণ ও হাই-রাইজ কমপ্লেক্সে আগুন লাগার খবর ছড়াতেই চরম আতঙ্ক তৈরি হয়। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পর পর ৭টি ইঞ্জিন।

দমকল এবং স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকাল ৮টা নাগাদ সাউথ সিটির ৩ নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাট থেকে প্রথম কালো ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তারক্ষী ও স্থানীয় বাসিন্দারা। তৎক্ষণাৎ দমকল বিভাগে খবর পাঠানো হয়। খবর পাওয়ার পর প্রাথমিক পর্যায় একাধিক ইঞ্জিন পাঠানো হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে পরে ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে মোট ৭টি করা হয়। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই আবাসনের নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা ব্যবহার করে শুরুতে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীরা।

দমকল বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় এবং হাইড্রলিক ল্যাডারের সাহায্যে দ্রুত কাজ শুরু হওয়ায় আগুন পুরো বহুতলে ছড়িয়ে পড়তে পারেনি। আবাসনের সমস্ত বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। দমকলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই এবং ফ্ল্যাটের ভিতরে কেউ আটকে পড়েননি। সব বাসিন্দাকেই অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধার করা হয়েছে।

কীভাবে ২৮ তলার ওই বন্ধ বা সচল ফ্ল্যাটে আগুন লাগল, সে বিষয়ে এখনও সুস্পষ্ট কোনও তথ্য মেলেনি। শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে নাকি অন্য কোনোও কারণে, তা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ফরেনসিক টিম খতিয়ে দেখবে। দমকল আধিকারিকদের বক্তব্য, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলা সম্ভব হয়েছে এবং নতুন করে তা অন্য কোনও ফ্লোরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে পকেটিং ফায়ার নেভাতে ও পরিস্থিতি পুরোপুরি সাধারণ করতে আর কিছুটা সময় লাগবে। ঘটনাস্থলে দমকলের উর্ধ্বতন আধিকারিক ও কলকাতা পুলিশের টিম উপস্থিত থেকে পরিস্থিতির ওপর নজর রাখছে।

Related Articles