অর্ণবের রেশ কাটতেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ! বাংলায় বৃষ্টি চলবে কতদিন?
আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ।
Truth of Bengal: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর অবশিষ্টাংশ বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় এর অবস্থান। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে।
এই নিম্নচাপের প্রভাবে শুক্রবার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি একইরকম থাকতে পারে বলে পূর্বাভাস।
শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়ার সম্ভাবনা। দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দু-এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। তবে শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।






