চিন্ময় প্রভুর চোখের জল দেখে দেশভাগের স্মৃতি টানলেন শুভেন্দু
কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধনী মঞ্চে শুভেন্দু বলেন, দেশভাগের সময় বাংলার হিন্দু সমাজের নিরাপত্তায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
Truth of Bengal: বাংলাদেশে দীর্ঘদিন ধরে বন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু ফের আলোচনায়। মায়ের মৃত্যুর পর প্যারোলে মুক্তি পেয়ে তাঁর আবেগঘন মুহূর্ত সামনে আসতেই বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই ঘটনাকে সামনে রেখে নিজের পরিবারের দেশভাগের স্মৃতি তুলে ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধনী মঞ্চে শুভেন্দু বলেন, দেশভাগের সময় বাংলার হিন্দু সমাজের নিরাপত্তায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চিন্ময় প্রভুর পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশভাগের ইতিহাস তাঁকে নিজের পরিবারের অতীতের কথাও মনে করিয়ে দেয়।
ব্যক্তিগত স্মৃতি শেয়ার করে শুভেন্দু জানান, তাঁর মা গায়ত্রী দেবীর পরিবারও পূর্ববঙ্গ থেকে এদেশে চলে আসে। তাঁর দাবি, ধর্মীয় পরিচয়ের কারণেই তাঁর মাকে পরিবারসহ এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল।
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। চিন্ময় প্রভুর ঘটনার উল্লেখ করে তিনি বলেন, অতীতের দেশভাগের যন্ত্রণা আজও তাঁকে নাড়া দেয় এবং সেই ইতিহাস ভুলে যাওয়া উচিত নয়।





