সরকারি কাজে গতি আনতে কড়া নবান্ন, অন্য দপ্তরের ফাইল ৭ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, অন্য কোনও দপ্তর থেকে চিঠি বা ফাইল এলে সাধারণভাবে সাত কার্যদিবসের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে।
জ্যোতির্ময় দত্ত , কলকাতা: সরকারি কাজে দীর্ঘসূত্রতা কমাতে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। এক দপ্তর থেকে অন্য দপ্তরে পাঠানো ফাইল বা চিঠি আর দিনের পর দিন ফেলে রাখা যাবে না। সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যেই তা নিষ্পত্তি করতে হবে। সরকারি দপ্তরগুলির মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রশাসনিক কাজে গতি আনতেই এই নতুন নির্দেশিকা জারি করল নবান্ন।
বুধবার রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল এই নির্দেশিকা জারি করেন। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, অন্য কোনও দপ্তর থেকে চিঠি বা ফাইল এলে সাধারণভাবে সাত কার্যদিবসের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে। প্রয়োজনীয় মতামত, সম্মতি কিংবা অনুমোদনের ক্ষেত্রে অযথা দেরি করা চলবে না।
প্রশাসনিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিভিন্ন দপ্তরের মধ্যে ফাইল আটকে থাকার সমস্যা সামনে আসছিল। একটি দপ্তরের কোনও প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়নের জন্য অন্য দপ্তরের অনুমোদন কিংবা মতামত প্রয়োজন হলেও অনেক ক্ষেত্রে সেই ফাইল দিনের পর দিন পড়ে থাকছে। ফলে একদিকে যেমন প্রশাসনিক কাজে গতি কমছে, তেমনই ব্যাহত হচ্ছে সরকারি প্রকল্পের বাস্তবায়ন। কখনও কখনও অর্থ অনুমোদনের ক্ষেত্রেও তৈরি হচ্ছে জটিলতা।
এই পরিস্থিতি বদলাতেই এবার দপ্তরগুলির উপর বাড়তি দায়িত্ব চাপানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পড়ে থাকা ফাইলগুলির অগ্রগতি খতিয়ে দেখতে প্রতিটি দপ্তরকে নির্দিষ্ট নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি, দপ্তরের সচিবদের নিয়মিত অমীমাংসিত ফাইলের পরিস্থিতি পর্যালোচনা করতে হবে।
কোনও ফাইলের অনুমোদন বা সম্মতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে আলোচনা করেও সমাধান না হলে, সেটি ফেলে রাখা যাবে না। দ্রুত নিষ্পত্তির জন্য বিষয়টি সরাসরি মুখ্যসচিবের নজরে আনতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সচিবালয় ম্যানুয়াল, ২০১৯ এবং সরকারি কাজ পরিচালনার নির্ধারিত নিয়ম মেনেই সমস্ত চিঠি ও ফাইলের নিষ্পত্তি করতে হবে। প্রশাসনিক মহলের মতে, এই নির্দেশ কার্যকর হলে দপ্তরগুলির মধ্যে সমন্বয় বাড়বে, কমবে ফাইলের দীর্ঘসূত্রতা। সরকারি প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রেও আসতে পারে বাড়তি গতি। এখন দেখার, নবান্নের এই কড়া নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হয়।






