কলকাতা

‘কেউ ছাড় পাবেন না’ অভিষেকের হুঁশিয়ারির পালটা দিলেন শুভেন্দু

শুক্রবার অভিষেকের মন্তব্যের পালটা জবাব দেন শুভেন্দু অধিকারী।

Truth of Bengal: পুলিশকে ‘ওয়ার্নিং’ দেওয়ার প্রসঙ্গে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেকের শারীরিক সুস্থতা নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, অসুস্থতার কারণেই অভিষেক নানা ধরনের মন্তব্য করে চলেছেন।

গত বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর পর গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই ঘটনার পর পুলিশকে হুঁশিয়ারি দেন অভিষেক। তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারীর নির্দেশে কাজ করা পুলিশ অফিসারদের নাম চিহ্নিত করে রাখা হচ্ছে। সরকার বদল হলে তাঁদের পরিণতি কী হবে, তা-ও দেখার হুঁশিয়ারি দেন তিনি।

অভিষেক আরও অভিযোগ করেন, তাঁর আপ্তসহায়ক সুমিত রায়কে মিথ্যা মামলায় আড়াই মাসেরও বেশি সময় ধরে হেফাজতে রাখা হয়েছে। পুলিশ অফিসারদের ভালো পোস্টিং পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীকে খুশি করার চেষ্টা নিয়েও কটাক্ষ করেন তিনি। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকেও সরাসরি নিশানা করেন অভিষেক।

শুক্রবার অভিষেকের মন্তব্যের পালটা জবাব দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অভিষেকের আপ্তসহায়ক টাকা তোলার বিষয়ে সব বলে দিয়েছেন বলে তাঁর মনে হয়েছে। পাশাপাশি অভিষেকের শারীরিক সমস্যা নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। নিউইয়র্ক যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রয়োজন হলে এনওসি করে দেওয়া হবে।

শুভেন্দুর এই মন্তব্যের পর এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও পালটা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles