চাকরির টোপ, ১০ লক্ষ টাকার প্রতারণা! অজিত মাহাতোকে গ্রেফতার করল পুলিশ
অভিযোগকারীর আরও দাবি, টাকা ফেরত চাইলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং অতিরিক্ত ২ লক্ষ টাকা দাবি করা হয়।
Truth of Bengal: বন দফতরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা অজিত মাহাতো। বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়গ্রামে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।
অভিযোগকারী ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাসের দাবি, রাজনৈতিক প্রভাব এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলে বন দফতরে চাকরির আশ্বাস দিয়েছিলেন অজিত। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে চার দফায় তাঁকে মোট ১০ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চান সজল। অভিযোগ, তাতেও টাকা ফেরত মেলেনি।
অভিযোগকারীর আরও দাবি, টাকা ফেরত চাইলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং অতিরিক্ত ২ লক্ষ টাকা দাবি করা হয়। একইভাবে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে আরও কয়েকজন বেকার যুবকের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অজিতের বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে অজিত মাহাতোকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। এই প্রতারণার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


