সকালে ‘কো-অর্ডিনেটর’ বসানোর ঘোষণা শুভেন্দুর! দুপুরে হাওড়ার ডিলিমিটেশন মামলা হাইকোর্টে
৫০ থেকে বাড়িয়ে ৬৮ ওয়ার্ড! নিয়ম ভেঙে বেআইনি আসন পুনর্বিন্যাস? হাইকোর্টে মামলা ঠুকলেন প্রাক্তন সিপিএম নেতা!
Truth of Bengal: কলকাতার পর এবার হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত স্তরে এই মামলাটি দায়ের করেন হাওড়া পুরসভার সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা মধ্য হাওড়ার প্রাক্তন সিপিএম প্রার্থী আইনজীবী ইমতিয়াজ আহমেদ। তাৎপর্যপূর্ণভাবে, এদিন সকালেই হাওড়ায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন যে ভোট না হলে কলকাতার মতো হাওড়াতেও কো-অর্ডিনেটর বসানো হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই হাইকোর্টে মামলা দায়ের হওয়ায় নতুন করে আইনি জটিলতা তৈরি হল। আগামী সপ্তাহে মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলা দায়ের করার পর ইমতিয়াজ আহমেদ অভিযোগ করেন, পুরসভা পরিচালনায় কোনও নিয়মনীতি মানা হচ্ছে না। তাঁর বক্তব্য, “আগের সরকার হাওড়া ও বালিকে এক করে পরে আবার আলাদা করেছিল। আর এখন নতুন সরকার আসন পুনর্বিন্যাসে কোনও আইন মানছে না। আমরাও চাই দ্রুত ভোট হোক, কিন্তু তা নিয়ম মেনেই হওয়া উচিত।”
এদিন সন্ধ্যায় মামলার আইনি দিক ব্যাখ্যা করে ইমতিয়াজ জানান, হাওড়া পুরনিগমের আইন অনুযায়ী নির্বাচিত বোর্ড না থাকলে এভাবে আচমকা ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ডিলিমিটেশন করা যায় না। অথচ নিয়ম বহির্ভূতভাবে হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ড বাড়িয়ে ৬৮টি করা হয়েছে। শুধু তাই নয়, এই ওয়ার্ড বৃদ্ধির ক্ষেত্রে জনসংখ্যার বিন্যাসকেও সঠিকভাবে ভিত্তি করা হয়নি বলে অভিযোগ তুলেছেন তিনি। বেআইনিভাবে এই আসন পুনর্বিন্যাস করা হয়েছে দাবি করেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
প্রসঙ্গত, কলকাতা ও হাওড়া পুরসভার ভোট নিয়ে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি প্রশাসনিক কাজ সচল রাখতে পুরনিগমে কো-অর্ডিনেটর বসানোর কথাও বলেছিলেন তিনি, যাকে ‘শেষ রাস্তা’ হিসেবে সমর্থন জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও। এবার বৃহস্পতিবার হাওড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী একই কথা বলার পরপরই প্রাক্তন মেয়র পারিষদের এই মামলায় হাওড়া পুরভোটের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ল।





