অনুপ্রবেশ ইস্যুতে মমতা-তৃণমূলকে নিশানা স্মৃতি ইরানির
কলকাতায় সাংবাদিক সম্মেলনে স্মৃতি ইরানির সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
Truth of Bengal: ‘জ্ঞানেশ কুমার হটাও’ দাবিতে সরব বিরোধী জোট ‘ইন্ডি’। অন্যদিকে, ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচি নিয়ে পালটা পথে বিজেপি। এই আবহে মঙ্গলবার কলকাতায় এসে অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। একই সঙ্গে কংগ্রেস-সহ বিরোধী জোটকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, “কংগ্রেস আগেও হারত। এখন হেরে নির্বাচন কমিশনকে দোষ দিচ্ছে।”
কলকাতায় সাংবাদিক সম্মেলনে স্মৃতি ইরানির সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। স্মৃতি অভিযোগ করেন, বাংলায় ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, এই নিয়ে বাংলায় আন্দোলন না করে বিরোধীরা কেন দিল্লিতে গিয়ে প্রতিবাদ করছে? কংগ্রেসের পাশাপাশি ‘ইন্ডি’ জোটের অন্যান্য দলকেও আক্রমণ করেন তিনি।
মোদি সরকারকে ক্ষমতা থেকে সরাতে এবং দেশকে বদনাম করতে বিদেশি সাহায্য নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন স্মৃতি ইরানি। তাঁর দাবি, রাহুল গান্ধী লন্ডনে গিয়ে মোদিকে হারানোর কথা বলেছেন। ২০২৪ সালের নির্বাচন নিয়েও কমিশনকে দোষারোপের প্রসঙ্গ তুলে বিরোধীদের কটাক্ষ করেন তিনি।
অন্যদিকে, বিরোধী জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছেন শমীক ভট্টাচার্য। তাঁর চ্যালেঞ্জ, “অধীর দা, সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে মিছিল করুক।” বাংলায় আন্দোলন না করে দিল্লিতে গিয়ে বিরোধীরা হাত মেলাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।



