কলকাতা

বরানগরে PUBG খেলার জেরে নৃশংস খুন? দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে গ্রেফতার অভিযুক্ত ধর্মবীর!

‘তোমাদের মধ্যেই রয়েছি, ধরতে পারবে না!’ নিহতের ফোন থেকেই নিখোঁজ প্রেমিকের চ্যালেঞ্জ, শেষমেশ জালে অভিযুক্ত

Truth of Bengal: বরাহনগরের পাঁচ তলার একটি ফ্ল্যাট থেকে ২৬ বছরের তরুণী অঞ্জলি সাউয়ের রহস্যমৃত্যুর ঘটনায় অবশেষে বড়সড় সাফল্য পেল পুলিশ। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও, পরবর্তীতে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পায় পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত ধর্মবীর নামের এক যুবককে দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনের বাইরে থেকে গ্রেপ্তার করেছে বরাহনগর থানার পুলিশ। শুক্রবারই তাঁকে ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, পাবজি (PUBG) খেলাকে কেন্দ্র করে অঞ্জলি এবং ধর্মবীরের মধ্যে তীব্র বিবাদ হয়েছিল। আর তারই জেরে তরুণীকে খুন করে চেনা এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত। অঞ্জলির বাবা জানিয়েছেন, ‘নিক রাজপুত’ নামে পাবজি খেলত ওই যুবক, যাঁর আসল নাম ধর্মবীর। লখনউয়ের আশপাশে বাড়ি বলে পরিচয় দিলেও ভিনরাজ্যের ওই যুবকের সঙ্গে অঞ্জলির বন্ধুত্বের সম্পর্ক ছিল। যদিও তাঁকে ‘বোন’ বলে ডাকত ধর্মবীর। তাঁদের মধ্যে ঠিক কী ধরনের সম্পর্ক ছিল এবং প্রণয়ের টানাপোড়েন ছিল কি না, তা ধৃতকে মুখোমুখি জেরা করে পরিষ্কার হতে চাইছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে বরাহনগরের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে অঞ্জলির নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে মোবাইল এবং মূল্যবান সামগ্রী উধাও থাকায় পুলিশের সন্দেহ দানা বাঁধে। এরপর মৃতার পরিবারের সদস্যরা চাঞ্চল্যকর অভিযোগ করেন। পরিবারের দাবি, নিহত তরুণীর হারানো মোবাইল থেকে কিছু মেসেজ আসে। এক জায়গায় লেখা হয়েছিল, ‘যা জানার বা জিজ্ঞাসা করার রয়েছে, তা জানতে চাওয়া হলে উত্তর মিলবে’। এর কিছুক্ষণ পর আরও একটি মেসেজ আসে, যাতে লেখা ছিল, ‘তোমাদের মধ্যে রয়েছি, কিন্তু ধরতে পারবে না’। এরপরই ফোনটি সম্পূর্ণ সুইচ অফ করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বারবার ফোন অন-অফ করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছিল ধর্মবীর। কিন্তু শেষরক্ষা হয়নি।

তদন্তকারীরা জানতে পেরেছেন, ফ্ল্যাটের মালিক অর্থাৎ অঞ্জলির জামাইবাবু সোমবার এক প্রতিবেশীর কাছে চাবি রেখে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে সেই চাবি নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেন অঞ্জলি। এরপর দিদির ফোন না ধরায় এবং পরে দেহ উদ্ধারের পর থেকেই দানা বাঁধে রহস্য। ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যাকাণ্ডের পেছনের আসল রহস্য পুরোপুরি স্পষ্ট হবে।

Related Articles