ব্যাঙ্কিং ব্যবস্থায় সাইবার হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারে জোর মোদির
প্রায় ১৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পরিকাঠামো দেশের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে সাহায্য করবে বলে জানান প্রধানমন্ত্রী।
Truth of Bengal: যুদ্ধের ধরন বদলেছে। এখন শুধু অস্ত্রের লড়াই নয়, অর্থনীতিকে দুর্বল করতেও সাইবার হামলাকে হাতিয়ার করছে শত্রুপক্ষ। এই পরিস্থিতিতে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার সাইবার নিরাপত্তা আরও মজবুত করার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ওড়িশার ভুবনেশ্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন ডেটা সেন্টার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করে তিনি বলেন, সাইবার অপরাধী ও জঙ্গিদের হাত থেকে ব্যাঙ্কিং ব্যবস্থাকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।
প্রায় ১৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পরিকাঠামো দেশের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে সাহায্য করবে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, ভারতের অর্থনীতি যত শক্তিশালী হচ্ছে, ততই ব্যাঙ্কিং ব্যবস্থার সুরক্ষায় বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সাইবার হামলার কৌশল দ্রুত বদলাচ্ছে। তাই পুরনো প্রযুক্তি, প্রশিক্ষণ পদ্ধতি ও সরঞ্জাম দিয়ে নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব নয়। আধুনিক পরিকাঠামো এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উপর জোর দেন তিনি।
ভাষণে কংগ্রেসকেও নিশানা করেন মোদি। তাঁর অভিযোগ, কংগ্রেসের আমলে প্রভাবশালী ব্যক্তিরা ফোনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার ঋণ পেয়ে যেতেন। এর ফলে ব্যাঙ্কগুলিতে অনাদায়ী ঋণ বা এনপিএ-র পরিমাণ বেড়ে ব্যাঙ্কিং ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছিল। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
তবে ব্যাঙ্কের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ সামনে এসেছে। দাবি করা হয়েছে, সাইবার হামলার জেরে প্রায় ৩ লক্ষ ৮০ হাজার গ্রাহকের গোপন তথ্য হাতিয়ে ডার্ক ওয়েবে প্রকাশ করা হয়েছে। ঘটনাটি ঘিরে উদ্বেগ ছড়ায় গ্রাহকদের মধ্যে। এসবিআই এক বিবৃতিতে জানিয়েছে, গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই এবং তাঁদের আর্থিক সম্পদ ব্যাঙ্কের হেফাজতে সুরক্ষিত রয়েছে।






