কলকাতা

টানা ২৫ বছর প্রশাসকের দায়িত্বে মোদি! নেতাজি ইন্ডোরে প্রদীপ জ্বালিয়ে মেগা ‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা শুভেন্দুর

"উনি প্রধানমন্ত্রী নন, প্রকৃত প্রধান সেবক!" মোদির রজত জয়ন্তীতে আবেগঘন বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

Truth of Bengal: টানা ২৫ বছর ধরে কোনও দেশের বা রাজ্যের প্রধান প্রশাসনিক প্রধানের দায়িত্ব সামলানো চাট্টিখানি কথা নয়। বুধবার সেই ঐতিহাসিক মাইলফলক ছুঁয়ে নতুন রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালনের সফল ২৫ বছর অর্থাৎ রজত জয়ন্তী পূর্ণ হল আজ। এই অভূতপূর্ব প্রশাসনিক সাফল্যকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচি।

বুধবার সকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাসমারোহে প্রদীপ জ্বালিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার প্রায় সমস্ত সদস্য এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।

অনুষ্ঠানে বিশালাকার জায়েন্ট স্ক্রিনে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী মোদির বিশেষ বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়, যা উদ্দীপনার সঙ্গে দেখেন হাজার হাজার রাজ্যবাসী।

মোদীর ২৫ বছরের শাসনকালকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “মোদিজি নিজেকে কখনও প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দেন না, তিনি নিজেকে জনগণের ‘প্রধান সেবক’ মনে করেন। শুধু মুখেই বলেন না, প্রতি মুহূর্তে সেভাবেই মানুষের কল্যাণ সাধন করে চলেছেন। সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার ক্ষেত্রে মোদিজিই আমাদের সবথেকে বড় অনুপ্রেরণা।”

উল্লেখ্য, ২০২৬ সালে বঙ্গে বিজেপি সরকার গঠিত হওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এসে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিলেন। মোদির আস্থাভাজন পাত্র শুভেন্দুর জন্য তাই এই উদযাপন ছিল অত্যন্ত বিশেষ। নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে প্রশাসক মোদির ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, এই দিনটি উদযাপনের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় তিনি সরাসরি মোদির জন্মভূমি গুজরাটে উপস্থিত থাকবেন।

Related Articles