কলকাতা

নির্ধারিত সময়ে সরকারি পরিষেবা দিতে ব্যর্থ হলেই শোকজ, ১৫ দিনের মধ্যে জবাব বাধ্যতামূলক আধিকারিকদের

নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা সংক্রান্ত আবেদন নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট আধিকারিককে এবার জবাবদিহি করতে হবে

জ্যোতির্ময় দত্ত, কলকাতা: সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষকে যাতে আর দিনের পর দিন দফতরের দরজায় ঘুরতে না হয়, তা নিশ্চিত করতে আরও কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা সংক্রান্ত আবেদন নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট আধিকারিককে এবার জবাবদিহি করতে হবে। শুধু তাই নয়, সন্তোষজনক ব্যাখ্যা না মিললে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে সার্ভিস রুল মেনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এই মর্মে কড়া নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।

মুখ্যসচিবের গত ১১ নভেম্বর জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোনও শংসাপত্র, অনুমোদন, অনুমতি কিংবা লাইসেন্সের আবেদন নির্ধারিত সময়সীমার মধ্যে নিষ্পত্তি না হওয়ার কারণে ‘ডিমড গ্রান্টেড’ বা স্বয়ংক্রিয় ভাবে মঞ্জুর বলে বিবেচিত হলে সংশ্লিষ্ট দফতরের প্রধানকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করতে হবে। কেন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটির নিষ্পত্তি করা সম্ভব হয়নি, তা জানতে চাওয়া হবে ওই নোটিসে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, শোকজ নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিককে লিখিত ভাবে তাঁর জবাব জমা দিতে হবে। সেই ব্যাখ্যা খতিয়ে দেখার পর তা সন্তোষজনক না হলে প্রযোজ্য সার্ভিস রুল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। অর্থাৎ, সরকারি পরিষেবা প্রদানে অকারণে দেরি হলে তার দায় আর শুধুমাত্র দফতরের উপর চাপিয়ে দেওয়া যাবে না। সংশ্লিষ্ট আধিকারিককেও ব্যক্তিগত ভাবে জবাবদিহি করতে হবে।

এখানেই শেষ নয়, গোটা প্রক্রিয়ার উপর নজরদারি বাড়াতেও বিশেষ ব্যবস্থা নিয়েছে নবান্ন। প্রতি মাসে আগের মাসে কতগুলি আবেদন ‘ডিমড গ্রান্টেড’ হয়েছে, তার বিস্তারিত হিসাব জমা দিতে হবে প্রতিটি দফতরকে। পাশাপাশি, ওই সমস্ত ক্ষেত্রে কত জন আধিকারিককে শোকজ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ করা হয়েছে, সেই তথ্যও রিপোর্টে উল্লেখ করতে হবে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন অনুযায়ী বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে। সাধারণ মানুষ যাতে সেই সময়ের মধ্যেই পরিষেবা পান, তা নিশ্চিত করতে প্রতিটি দফতরের প্রধানকে নিয়মিত পর্যালোচনার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। নির্ধারিত সময়সীমা যথাযথ ভাবে মানা হচ্ছে কি না, তার উপর নজর রাখার দায়িত্বও সংশ্লিষ্ট দফতরের শীর্ষ আধিকারিকদের।

প্রশাসনিক মহলের মতে, সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে সময়সীমা নির্ধারিত থাকলেও বাস্তবে বহু ক্ষেত্রে আবেদন নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ ওঠে। ফলে সাধারণ মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হয়। এবার সেই পরিস্থিতি বদলাতেই দায়বদ্ধতা আরও সুনির্দিষ্ট করতে চাইছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। ফলে সরকারি পরিষেবা প্রদানে গাফিলতি বা অকারণে আবেদন ফেলে রাখার ক্ষেত্রে আধিকারিকদের উপর প্রশাসনিক চাপ যে অনেকটাই বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

Related Articles