আন্তর্জাতিক

মাঝ আকাশে ভয়াবহ ঝাঁকুনি! মৃত্যুমুখে শয়ে শয়ে যাত্রী, তার পর যা হল…!

মাথার ওপর ভেঙে পড়ল ওভারহেড কম্পার্টমেন্ট! মাঝ আকাশে হুড়মুড়িয়ে কাঁপতে থাকা বিমানের রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল

Truth of Bengal: রানওয়ে ছেড়ে সবেমাত্র আকাশে ডানা মেলেছিল বিমানটি। কিন্তু ঠিক তার পরেই ঘটে গেল চরম বিপর্যয়। রানওয়ে ছাড়ার সঙ্গে সঙ্গেই তীব্র ঝাঁকুনি এবং বিমানের ইঞ্জিনে আচমকা মারাত্মক গোলযোগ! শুধু তাই নয়, মাঝ আকাশেই বিমানের মূল চাকা থেকে টায়ার খুলে যাওয়ার মতো ভয়ংকর ঘটনা ঘটে গেল। প্রাণের ভয়ে তখন যাত্রীদের আর্তনাদ ও কান্নায় ভারী হয়ে উঠেছে কেবিন। সেপেহরান এয়ারলাইন্সের (Sepehran Airlines) একটি বোয়িং ৭৩৭ বিমানের এই লোমহর্ষক ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে কেরমানশাহের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু ওড়ার সামান্য কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক গোলযোগের কবলে পড়ে সেই বোয়িং ৭৩৭ উড়ান। বিমানের একটি চাকা থেকে হঠাৎই টায়ার খুলে যায়, আর তার জেরে মাঝআকাশে ভয়ংকর গতিতে কাঁপতে শুরু করে বিমানটি। কেবিনের ভেতরে তীব্র কম্পন শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বুঝতে পেরেছিলেন যে বড় কোনো বিমান দুর্ঘটনা ঘনিয়ে আসছে।

বিমানের ভেতরকার পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আতঙ্কিত যাত্রীরা জানিয়েছেন, কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেবিনের ভেতরের ওভারহেড কম্পার্টমেন্টের ঢাকনা খুলে নিচে খসে পড়ে। যাত্রীদের মাথার ওপর ভারী জিনিসপত্র আছড়ে পড়ায় জখম হন বেশ কয়েকজন। যাত্রীদের চিৎকার ও কান্নায় তখন এক বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়। তবে চরম বিপদের মুখেও মাথা ঠান্ডা রেখেছিলেন পাইলট। যাত্রীদের জীবন রক্ষার্থে তড়িঘড়ি রুট বদল করে মাশহাদ বিমানবন্দরেই বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তাঁরা।

শেষ পর্যন্ত দক্ষ পাইলটের তৎপরতায় বোয়িং ৭৩৭ বিমানটিকে মাশহাদ বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করানো সম্ভব হয়। আগে থেকেই বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছিল জরুরি পরিষেবা দলগুলিকে। বিমানটি মাটিতে নামতেই হাঁফ ছেড়ে বেঁচেছেন যাত্রীরা। তবে মাঝ আকাশে টায়ার খুলে যাওয়ার মতো এত বড় যান্ত্রিক ত্রুটি কীভাবে ঘটল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার এই মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Related Articles