ছোট আঙারিয়া থেকে সব ফাইল খোলা হবে! গড়বেতার সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
ফাইল খোলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Truth of Bengal: ক্ষমতায় আসার পর তৃণমূল আমলের একাধিক দুর্নীতি ও হিংসার ঘটনার ফাইল খোলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার গড়বেতার মাটি থেকে বাম আমলের ‘ছোট আঙারিয়া গণহত্যা’ মামলার ফাইল ফের খোলার হুঁশিয়ারি দিলেন তিনি। সিপিএম নেতা মহম্মদ সেলিমকে আক্রমণ করে বামেদেরও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা একসময় বাম রাজনীতির অন্যতম কেন্দ্র ছিল। ২০০১ সালে তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনায় একাধিক তৃণমূল কর্মী নিখোঁজ হন। অভিযোগ ছিল, বাড়িতে আগুন লাগিয়ে তাঁদের পুড়িয়ে মারা হয়েছিল। ছোট আঙারিয়ার এই ঘটনা তৎকালীন রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন ফেলেছিল।
ঘটনাটি নিয়ে একাধিক তদন্ত হলেও মূল সাক্ষী বক্তার মণ্ডল কয়েক বছর আগে মারা যান। এর মধ্যে রাজ্যে দু’বার সরকার বদল হয়েছে। গড়বেতা বর্তমানে ঝাড়গ্রাম জেলার অন্তর্ভুক্ত। এবার সেই গড়বেতায় সভা করতে গিয়ে পুরনো ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “ছোট আঙারিয়া থেকে সব কেসের ফাইল রিওপেন করব।” পাশাপাশি বাম আমলে নন্দীগ্রামে সাধারণ মানুষের রক্ত ঝরার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। সেই ‘রক্তাক্ত সূর্যোদয়’ আজও বঙ্গ রাজনীতিতে আলোচিত।





