ছাত্র আন্দোলনের বড় জয়! সার্বিয়ায় হার ভুচিচের শাসক জোটের
২০২৪ সালে নোভি সাদ শহরের রেলস্টেশনের ছাউনি ভেঙে ১৬ জনের মৃত্যুর পর দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে ছাত্র আন্দোলন শুরু হয়।
Truth of Bengal: সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বড়সড় রাজনৈতিক সাফল্য। প্রায় দু’বছর ধরে চলা বিক্ষোভের পর রবিবারের আগাম সংসদ নির্বাচনে বিপুল জয়ের পথে ছাত্রদের সমর্থিত ‘স্টুডেন্ট লিস্ট’। প্রাথমিক ফল ও নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, ২৫০ আসনের সংসদে প্রায় ১৪০টি আসন পেতে পারে তারা। অন্যদিকে, আলেকসান্দার ভুচিচের নেতৃত্বাধীন জোটের ঝুলিতে যেতে পারে প্রায় ১০৩টি আসন। পরাজয় কার্যত মেনে নিয়ে ভুচিচ জানিয়েছেন, নির্বাচনে ছাত্রদের তালিকাই জয়ী হয়েছে।
২০২৪ সালে নোভি সাদ শহরের রেলস্টেশনের ছাউনি ভেঙে ১৬ জনের মৃত্যুর পর দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে ছাত্র আন্দোলন শুরু হয়। ক্রমে সেই বিক্ষোভ সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনের রূপ নেয়। এবার নির্বাচনী ময়দানেও নিজেদের শক্তি প্রমাণ করল ছাত্রদের সমর্থিত তালিকা। তবে উল্লেখ্য, সংসদ নির্বাচনে এই জয় মানেই ভুচিচের রাষ্ট্রপতি পদ থেকে তাৎক্ষণিক অপসারণ বা পদত্যাগ নয়।
ছাত্রদের এই জয়ের পর সার্বিয়ার আগামী সরকার কীভাবে গঠিত হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আন্দোলন থেকে উঠে আসা এই শক্তি প্রশাসনের দায়িত্ব সামলাতে কতটা সফল হবে, এখন সেটাই দেখার।





