‘দুর্ঘটনা নয়, খুনের চেষ্টা’— মা ফ্লাইওভারের দুর্ঘটনায় ক্ষুব্ধ অগ্নিমিত্রা
পুলিশের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান মন্ত্রী
Truth of Bengal: কলকাতার মা ফ্লাইওভারে বেপরোয়া গাড়ি চালানোর জেরে ভয়াবহ দুর্ঘটনা। ডিভাইডার টপকে উলটো দিকের লেনে উঠে আসা একটি গাড়ির ধাক্কায় আহত হয়েছেন অন্তত ৪ জন। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, নিছক দুর্ঘটনা হিসেবে এই ঘটনাকে দেখা উচিত নয়। বরং খুনের চেষ্টা বা ‘মার্ডার কেস’ হিসেবে মামলা হওয়া প্রয়োজন। পুলিশের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান মন্ত্রী। অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার করার কথাও পুলিশকে জানিয়েছেন তিনি। শনিবার সকালে পার্ক সার্কাসের দিক থেকে মা ফ্লাইওভার ধরে আসছিল একটি গাড়ি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উলটো দিকের লেনে ঢুকে পড়ে সেটি। এরপর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় গাড়ি দুটি। দুর্ঘটনার জেরে দুই গাড়িরই এয়ারব্যাগ খুলে যায়। ফলে ভয়াবহ সংঘর্ষ হলেও প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তবে এই দুর্ঘটনায় দুই গাড়ির অন্তত ৪ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন আসানসোলে নিজের বিধানসভা কেন্দ্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা পাল। তাঁর মতে, মা ফ্লাইওভারের মতো ব্যস্ত রাস্তায় এই ধরনের বেপরোয়া গাড়ি চালানো কোনওভাবেই সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না।
বেপরোয়া চালকদের কড়া ভাষায় আক্রমণ করে মন্ত্রী বলেন, “হিন্দি সিনেমা দেখে বাস্তব জীবনে এই ধরনের বেপরোয়া আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ফ্লাইওভারের মতো জায়গায় এ ধরনের স্পিডিং গাড়ি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যা কোনোমতেই মেনে নেওয়া যায় না।” অগ্নিমিত্রার বক্তব্য, এ ধরনের অপরাধমূলক গাফিলতি সমাজে চলতে দেওয়া যায় না। তাই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা প্রয়োজন। পুলিশের সঙ্গে কথা বলে তাঁকে কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার করার দাবিও জানিয়েছেন মন্ত্রী।






