আন্তর্জাতিক

ব্রাজিলে বামেদের জয়, চতুর্থবার প্রেসিডেন্ট লুলা! ট্রাম্পের সমর্থনেও হার বলসোনারোর

জয়ের পর বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন লুলা।

Truth of Bengal: ব্রাজিলের রাজনীতিতে ফের বামপন্থীদের জয়। চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন থাকা সত্ত্বেও জয় অধরা ফ্লাভিও বলসোনারোর। নির্বাচনের ফল নিয়ে আপত্তি জানিয়ে তা বাতিলের দাবি তুলেছেন তিনি। ফলে ব্রাজিলের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দু’দফায় ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। ২০২২ সালে ফের ক্ষমতায় ফিরে আসেন তিনি। গত কয়েক বছরে বেকারত্ব কমানো ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের মতো ক্ষেত্রে পদক্ষেপ করলেও তাঁর সরকারের বিরুদ্ধে অসন্তোষ ছিল একাংশের ভোটারের। নির্বাচনের আগে সরকারি প্রকল্পে বাড়তি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেন লুলা। অন্যদিকে, ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধেও নানা অভিযোগ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনে ফ্লাভিওর পাশে দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্তও দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছিল। কিন্তু সেই চাপ ও সমর্থনের সমীকরণ সত্ত্বেও শেষ পর্যন্ত জয়ী হন লুলা। ৮১ বছর বয়সি এই নেতা ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

জয়ের পর বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন লুলা। ট্রাম্পের ব্রাজিলের রাজনীতিতে প্রভাব বিস্তারের প্রচেষ্টার সমালোচনা করে তিনি বলেন, “ব্রাজিল কারও বাড়ির পিছনে থাকা উঠোন নয়।” তাঁর বক্তব্য, বিদেশি শক্তির প্রভাব উপেক্ষা করে দেশের মানুষ নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন। নির্বাচনে বিদেশি শক্তিগুলি কীভাবে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেছে, তা খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, নির্বাচনের ফল মানতে নারাজ ফ্লাভিও বলসোনারো। তাঁর দাবি, এই ফল বাতিল করা উচিত। এর আগে ২০২২ সালে লুলার কাছে হারের পর একই ধরনের আপত্তি তুলেছিলেন ফ্লাভিওর বাবা তথা প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। সেই সময় বলসোনারো-সমর্থকদের বিক্ষোভে ব্রাসিলিয়ায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। গাড়িতে আগুন লাগানো এবং পুলিশের সদর দফতরে ঢোকার চেষ্টার মতো ঘটনাও ঘটেছিল। এবারও কি নির্বাচনের ফল ঘিরে একই ধরনের অশান্তি ছড়াবে ব্রাজিলে, উঠছে সেই প্রশ্ন।