কলকাতা

পুজো পাস দুর্নীতি কাণ্ডে এবার ইন্দ্রনীল সেনের স্ত্রীকে তলব! লালবাজারে হাজিরার নির্দেশ

মধুছন্দা সেনকে লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর

Truth of Bengal: পুজোর ই-পাস দুর্নীতি মামলায় তদন্তের জাল আরও বিস্তৃত করল কলকাতা পুলিশ। এবার লালবাজারের গোয়েন্দাদের নজরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। পুজোর পাস বিক্রিতে জালিয়াতি ও আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সেই কারণে মধুছন্দা সেনকে লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। দুর্নীতি মামলায় ইতিমধ্যেই আদালতে আগাম জামিনের আবেদন করেছেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী।

উল্লেখ্য, পুজোর ই-পাস সংক্রান্ত মামলায় গত বুধবার কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ইডির সমন পেয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরনোর পরই তাঁকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা শাখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্বে ছিলেন ইন্দ্রনীল সেন। সেই সময় দুর্গাপুজোর প্রিভিউ শো এবং ভিআইপি পাস বিক্রির ক্ষেত্রে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্তকারীদের দাবি, এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রাক্তন মন্ত্রী।

‘মাস আর্ট’ নামে একটি সংস্থাকে কেন্দ্র করে এই প্রতারণার অভিযোগ সামনে আসে। অভিযোগ, পুজোর পাস বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা আর্থিক অনিয়ম করা হয়েছে। এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা তদন্ত চালাচ্ছে। পাশাপাশি আর্থিক দুর্নীতির অভিযোগে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ইডি। এবার সেই তদন্তের সূত্র ধরেই ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। পাস বিক্রির জালিয়াতি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁর কাছ থেকে তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।

Related Articles