ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগেই রণকৌশল বদল! বিদ্যুৎকেন্দ্র বাঁচাতে ‘মানববন্ধন’ গড়ছে ইরান
হরমুজ প্রণালী উন্মুক্ত করা নিয়ে ইরানের ওপর লাগাতার চাপ সৃষ্টি করে চলেছে আমেরিকা।
Truth Of Bengal: আমেরিকার সম্ভাব্য হামলা থেকে দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলিকে রক্ষা করতে এবার অভিনব ‘মানববন্ধন’ গড়ার ডাক দিল ইরান। হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর ইরানের বিদ্যুৎ পরিকাঠামোগুলিতে বড় ধরনের হামলার আশঙ্কা করছে তেহরান। সেই আক্রমণ প্রতিহত করতেই দেশের সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে এক বিশাল মানবশৃঙ্খল তৈরির পরিকল্পনা নিয়েছে ইরান সরকার।
হরমুজ প্রণালী উন্মুক্ত করা নিয়ে ইরানের ওপর লাগাতার চাপ সৃষ্টি করে চলেছে আমেরিকা। তবে ইরান এখনো পর্যন্ত ওয়াশিংটনের কোনো চাপের কাছে মাথা নত করার ইঙ্গিত দেয়নি। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রকের পক্ষ থেকে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টো থেকে (ভারতীয় সময় বিকেল ৪টে) দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রের সামনে জমায়েতের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দেশের তরুণ প্রজন্ম, শিল্পী এবং ক্রীড়াব্যক্তিত্বদের এই কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করার অনুরোধ জানিয়েছে ইরান প্রশাসন।
আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে ইরান তার বন্ধু দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিলেও, আমেরিকা ও ইসরায়েলের জাহাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রেখেছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাত ৮টা (ভারতীয় সময় বুধবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর আরও জোরালো সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা যত এগিয়ে আসছে, ততই হামলা ঠেকানোর কৌশল হিসেবে এই মানববন্ধনের পথে হাঁটছে ইরান।






