আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ তুষারপাত, নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক

ডোলপার মুখ্য জেলা আধিকারিক জুনু হামাল জানিয়েছেন, পর্যটকরা ঢো এলাকা থেকে ফোকসুন্ডা লেকের দিকে ফিরছিলেন।

Truth of Bengal: নেপালের ডোলপা জেলায় ব্যাপক তুষারপাতের জেরে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক। জানা গিয়েছে, নেপালের গভীরতম হ্রদ শে ফোকসুন্ডোর দিকে ট্রেকিং করতে গিয়েছিলেন তাঁরা। ডোলপা থেকে ফেরার পথে নুমা লা ও বাগা লা পাস এলাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজদের উদ্ধারে ইতিমধ্যেই হেলিকপ্টার পাঠিয়েছে সেনা। তাঁদের মধ্যে চারজন পুরুষ ও দু’জন মহিলা রয়েছেন বলে সূত্রের খবর।

ডোলপার মুখ্য জেলা আধিকারিক জুনু হামাল জানিয়েছেন, পর্যটকরা ঢো এলাকা থেকে ফোকসুন্ডা লেকের দিকে ফিরছিলেন। খারাপ আবহাওয়া ও পাহাড়ি পথে বিপদের আশঙ্কা থাকায় তাঁদের আগাম সতর্ক করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে দাবি। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার পর ভয়াবহ তুষারপাতের মধ্যে আটকে পড়েন তাঁরা। এরপরই ট্রেকিং দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ডোলপার ডেপুটি সুপার অফ পুলিশ অনীল রাজ গিরি জানিয়েছেন, নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। তবে প্রতিকূল আবহাওয়া ও তুষারপাত উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে। পাহাড়ি এলাকার বহু জায়গায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগেও সমস্যা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ডোলপায় ২৪৪ জন পর্যটক রয়েছেন, তাঁদের মধ্যে ১৪৯ জন নেপালি। খারাপ আবহাওয়ার কারণে সকলকেই নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

Related Articles